ড্রেন থেকে মানুষের কাটা পা উদ্ধার 

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে মানবদেহের একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ মে) সকালে ডিঙ্গাডোবা এলাকার নিমতলা মোড়ের ড্রেন থেকে এই পা উদ্ধার করে পুলিশ।

প্রথমে স্থানীয়রা ওই পা ড্রেনে ভেসে যেতে দেখেন। পরে তা ড্রেন থেকে তোলেন এবং তারা থানায় খবর দেন। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পা’টি উদ্ধার করে। তবে কীভাবে বা কোথা থেকে কার পা এখানকার ড্রেনে ভেসে এসেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

পায়ের ওই কাটা অংশটি বাম পা। পায়ের পাতা থেকে উরু পর্যন্ত কাটা। কাটা অংশটিতে পলিথিন পেঁচানো রয়েছে। তদন্তের জন্য পুলিশ এটি নিয়ে গেছে। 

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, উদ্ধার হওয়া পায়ের অংশে পচন রয়েছে। কোনো ব্যক্তির শরীরে সার্জারি করে পা কাটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। এছাড়াও প্রকৃত ঘটনা জানতে উদ্ধারকৃত পায়ের অংশের বিষয়ে থানায় থানায় বার্তা পাঠানো হয়েছে।