নাটোরের লালপুরে অটোভ্যান চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে চুরি হওয়া অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) লালপুর থানা-পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর রাতে লালপুর উপজেলার বাকনাই গ্রামের শাকিল আলী (২৭) তার বাড়ির বারান্দায় একটি অটোভ্যান শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখেন। পরদিন ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, ঘরের বাইরে থেকে ছিটকিনি লাগানো রয়েছে। এ সময় বারান্দায় রাখা অটোভ্যানটির শিকল ও তালা কাটা অবস্থায় দেখতে পান তিনি। পরে বুঝতে পারেন, অটোভ্যানটি চুরি হয়েছে। চুরি হওয়া ভ্যানটির আনুমানিক মূল্য ছিল ৭০ হাজার টাকা।
এ ঘটনায় তদন্ত শুরু করেন মামলার তদন্তকারী কর্মকর্তা লালপুর থানার উপপরিদর্শক (এসআই) এ.জে. মিন্টু। পরে মঙ্গলবার অভিযান চালিয়ে উপজেলার বাকনাই (কদমতলা) গ্রামের সাজদার রহমান (৫১), মিলন ইসলাম (২৯), আবেদ আলী (৪৫) ও শফিকুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে চুরি হওয়া অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার ও জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে এ ঘটনায় তাদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার চারজনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।