চট্টগ্রামে ভবন মালিককে হত্যার দায়ে দারোয়ানের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৬ মে) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন।
দণ্ডিত আসামি মো. হাসান (৪৫) ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর নগরের জালালাবাদ জমির হাউজিং এলাকায় ভবন মালিক মো. নেজাম পাশাকে (৬৫) হত্যা করেছিলেন। আসামি নেজাম পাশা ফটিকছড়ি পৌরসভার ধুরুং এলাকার বাসিন্দা।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, আসামি মো. হাসানের বিরুদ্ধে ৩০২ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ২০১ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
জানা গেছে, ভবন নির্মাণকাজে পছন্দের লোক নিয়োগ না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দারোয়ান হাসান পরিকল্পিতভাবে ভবন মালিক নেজাম পাশাকে হত্যা করেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী সেলিনা ইয়াসমিন বাদী হয়ে নগরের খুলশী থানায় মো. হাসানকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ২৩ জানুয়ারি আদালতে হাসানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। একই বছরের ১৯ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।