জৈব উৎস বিশেষ করে উদ্ভিদ বা উদ্ভিদাংশ থেকে উৎপন্ন হয় জৈব বালাইনাশক। নিরাপদ ও পরিবেশবান্ধব হওয়ার ফলে জৈব বালাইনাশক ব্যবহার উৎসাহিত করা হচ্ছে। কারণ উদ্ভিজ্জ বালাইনাশক পরিবেশের কোনো ক্ষতি করে না। মাছ, পাখি ও গবাদিপশুর ওপর কোনো বিষক্রিয়া হয় না। জমিতে স্প্রে করার সঙ্গে সঙ্গে ফসল তোলা ও ব্যবহার করা যায়।
ভেষজ বালাইনাশক
নিমের পাতা, ছাল ও কাপড় কাচা সাবান : দুই কেজি নিমের পাতা, দেড় কেজি নিমের ছাল শিল পাটায় একটু থেঁতলে নিন। থেঁতলানো পাতা, ছাল এবং ৫০ গ্রাম গুঁড়া সাবান একটি পাত্রে দিয়ে ৫ লিটার পানি মিশিয়ে নিন। এরপর জ্বাল দিয়ে ৫ লিটার পানিকে কমিয়ে ১ লিটার বানিয়ে ঠান্ডা করে ছাঁকুন। ৯ লিটার পানি শিশিয়ে স্প্রে করুন। মাছি পোকা, বিটল জাতীয় পোকা, কীড়া ও বিছা পোকা দমন করা যায়।
নিমপাতার গুঁড়া : নিম পাতা শুকিয়ে গুঁড়া করে নিন। এবার প্রতি ৫০ কেজি বীজ সংরক্ষণের জন্য ১ কেজি গুঁড়া মিশিয়ে ব্যবহার করুন। এতে গুদামজাত ফসলের পোকা দমন হবে।
নিম বীজ : এক কেজি নিম বীজ শুকিয়ে পিষে মলমের মতো তৈরি করুন। এর সঙ্গে ৭৫ গ্রাম গুঁড়া সাবান মেশান। মিশ্রণটি ১০০ লিটার পানি মিশিয়ে এক রাত রেখে দিন। এরপর ৭০-৮০ সেন্টিগ্রেড তাপমাত্রায় ৩ ঘণ্টা ফুটিয়ে ঠা-া করে ছেঁকে জমিতে ব্যবহার করুন। এতে পাতা মোড়ানো পোকাসহ বিভিন্ন কীড়া ও গান্ধী পোকা দূর হবে।