কোরিয়াকে বিধ্বস্ত করে শুরু বাংলাদেশের

ফেভারিটের মতোই শুরু হলো বাংলাদেশের। দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের গত তিন আসরের চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ শুভ সূচনা করেছে রবিবার। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে হারিয়েছে আরদুজ্জামান, মিজানুরদের নিয়ে গড়া বাংলাদেশ দল। লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি কোরিয়া। ৫টি লোনাসহ ম্যাচ জেতে বাংলাদেশ। প্রথমার্ধে ২৪-১১ পয়েন্টে এগিয়ে থেকে ম্যাট ছাড়ে স্বাগতিকরা।

চতুর্থবারের মতো ঘরের মাঠে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। গেল তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারই প্রথম স্থানীয় কোচের অধীনে খেলছে তারা। অভিজ্ঞ কোচ আব্দুল জলিল দায়িত্ব নিয়েই প্রথম ম্যাচে বাজিমাত করেছে বিশ্বকাপের গেল দুই আসরের সেমিফাইনালিস্ট কোরিয়াকে হারিয়ে। বাংলাদেশের রেইডার মিজানুর রহমান একাই দলের পক্ষে ২১ পয়েন্ট এনে দেন। অধিনায়ক আরদুজ্জামান মুন্সি আনেন ১০ পয়েন্ট। ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন মিজানুর।

খেলা শেষে বাংলাদেশের কোচ আব্দুল জলিল বলেন, ‘কোরিয়ার মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে দল জেতায় আমি অত্যন্ত আনন্দিত। ছেলেদের যেভাবে পরিকল্পনা দেওয়া হয়েছিল সেটা তারা ম্যাটে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। সোমবার মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে। সেখানেও আশা করি ছেলেরা প্রত্যাশিত জয় ছিনিয়ে আনবে।’ ম্যাচসেরা মিজানুর রহমান বলেন, ‘আমরা প্রথম ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে বড় জয় পেয়েছি। এই ধারাবাহিকতা ধরে রেখে আমরা পুরো টুর্নামেন্টে খেলতে চাই। আমরা শিরোপা জিততে চাই।’

ম্যাচের আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে অংশ নেন অংশগ্রহণকারী ১২টি দলের খেলোয়াড়, কর্মকর্তা ও টুর্নামেন্টের অফিশিয়ালরা। টুর্নামেন্টের জমকালো আয়োজন দেখে অভিভূত ক্রীড়ামন্ত্রী পাপন বলেন, ‘এ পর্যায়ের বিশাল আয়োজন করা সত্যিই ভীষণ কঠিন। আমি অন্তর থেকে কাবাডি ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আয়োজকদের সাধুবাদ জানাই পাশাপাশি ১২টি অংশগ্রহণকারী দেশের প্রতি জানাচ্ছি শুভ কামনা। কাবাডি ফেডারেশন যেভাবে এগিয়ে চলছে তাতে অবশ্যই আমি সন্তুষ্ট। সরকারের পক্ষ থেকে সব রকম সহায়তা করা হবে ফেডারেশনকে। আমরা গুরুত্বপূর্ণ ফেডারেশনের একটা সংক্ষিপ্ত তালিকা করেছি। সেই তালিকায় কাবাডিও আছে। তাছাড়া এটা আমাদের জাতীয় খেলা। তাই এখানে আমাদের ভালো করার বিকল্প নেই।’