কোনিয়াস্পোরকে ৩-১ গোলে হারিয়ে তুর্কি সুপার লিগের চ্যাম্পিয়ন হয়েছে গালাতাসারাই। মাউরো ইকার্দি করেছেন জোড়া গোল। যার মধ্যে একট ছিল চোখ ধাধানো।
৩১ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটি দশম শিরোপা। গালাতাসারাইয়ের হয়ে তৃতীয়। রোজারিওর এই খেলোয়াড় মৌসুমের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন।
কোনিয়া বুয়ুকসেহির স্টেডিয়ামে চ্যাম্পিয়নদের মনোভাব নিয়ে মাঠে নেমেছিল গালাতাসারাই, কারণ তারা শুরু থেকেই অ্যাকশন নিয়ন্ত্রণ করেছিল। ২৮ মিনিটে একটি বল পোস্টে লাগলে বাঁ দিক থেকে একটি ক্রস আসে এবং ইকার্দি দারুণ হেড দিয়ে ৪০ হাজার দর্শকের সামনে গোলের খাতা খোলেন। যে গোল দেখে যে কেউ বলবে 'অবিশ্বাস্য'।
৫০ মিনিটে উরুগুয়ান লুকাস তোরেইরা ডান দিক থেকে ক্রস পাঠালে ইকার্দি তার পায়ে জড়িয়ে জোড়া গোল করেন।
দুই মিনিট পর বারকান কুতুলু গোল করে ব্যবধান ৩-০ করেন।
৭২ মিনিটে ব্যবধান কমায় কোনিয়াস্পোর। বদলী খেলোয়াড় হিসেবে নামা লোকা প্রিপ গোল করেন। তবে শেষ রক্ষা আর হয়নি। এই জয়ে শিরোপা নিশ্চিত করেছে গালাতাসারাই। ১০২ পয়েন্ট নিয়ে তারা যাচ্ছে চ্যাম্পিয়নস লিগে। ৯৯ পয়েন্ট রানার্সআপ ফেনেরবেঞ্চও যাচ্ছে ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে।