বগুড়ার আদমদীঘি উপজেলাসহ আশপাশের বেশ কিছু অঞ্চলে ১২ ঘণ্টা ধরে বিদ্যুৎসরবরাহ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে ওই এলাকার কয়েক লাখ মানুষ। বিদ্যুৎ না থাকায় বাসা-বাড়িতে পানির সংকটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা দিয়েছে বিপর্যয়।
দেশের উপকূলীয় অঞ্চলসহ সারাদেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। যার কিছুটা প্রভাব পড়েছে বগুড়ার আদমদীঘি উপজেলাতেও। ভোর রাত থেকে হালকা বৃষ্টিসহ মৃদু ঝড় বাতাস বয়ে যাচ্ছে এই অঞ্চলের উপর দিয়ে। তবে ভারী বৃষ্টিপাত ঝড় না হলেও ১২ ঘন্টার বেশি সময় বিদ্যুৎ বিহীন রয়েছে এই এলাকা সহ আশেপাশের বেশ কিছু এলাকার লোকজন। হাসপাতাল, বাসা-বাড়ি, ফিলিং স্টেশন, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ না থাকায় কার্যক্রম প্রায় বন্ধের দিকে। বিদুৎ এর বিকল্প হিসেবে জেনারেটর বা আইপিএস থাকলেও সেইগুলোও কাজ করা বন্ধ করে দিয়েছে অনেক জায়গায়।
উপজেলা সান্তাহার পৌর শহরের বাসিন্দা নুপুর ইসলাম বলেন , বাসায় ছোট ছোট বাচ্চা রয়েছে কিন্তু খাবার পানি নাই। বাজে একটা পরিস্থিতি মধ্যে পড়তে হয়েছে। শহরে থাকার কারণে পানির কোনো বিকল্প ব্যবস্থাও করতে পারছি না।
পৌর শহরের ব্যবসায়ী নাসিফ আরেফিন বলেন, বিদ্যুৎ না থাকার কারণে আজকের দিনের জন্য প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি। কোনো নোটিশ ছাড়াই শুধু হালকা বাতাস বা বৃষ্টির কারণে ১২ ঘণ্টার বেশি বিদ্যুৎ বন্ধ করার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। আমরা ব্যবসায়ীরা বিভিন্ন ভাবে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলেও তারা আমাদের বিদ্যুৎ বন্ধের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
এ বিষয় সান্তাহার নেসকোর প্রকৌশলী ওমর ফারুক ও নেসকোর জরুরি নাম্বারগুলোতে ফোন করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।