রাজবাড়ীতে পরিকল্পিতভাবে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছেন ডিবি পুলিশের এক সোর্স। রবিবার (২৬ মে) রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে অনুষ্ঠিত শিল্প ও বাণিজ্য মেলা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি)। আটক যুবকের নাম মো. ইমরান শেখ (২৭)। তার বাড়ি রাজবাড়ী শহরের দক্ষিণ বিনোদপুর এলাকায়।
রাজবাড়ী ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রকি শেখ নামে এক যুবক ইমরানের বন্ধু। রকির সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। তার স্ত্রী ঋতু আক্তার তাকে তালাক দিয়ে সৌদি আরব যাওয়ার জন্য ভিসার আবেদন করেন। ঋতু যাতে বিদেশ যেতে না পারেন সেজন্য রকি তার বন্ধু ইমরানের কাছে পরামর্শ চান। ইমরান ডিবি পুলিশের সোর্সের কাজ করেন। পরে ইমরান রকির স্ত্রী ঋতুকে ইয়াবা দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী রকি তার স্ত্রীকে বাণিজ্য মেলা থেকে একটি থ্রি-পিস কিনে দেন। পরে কৌশলে থ্রি-পিসের ভেতরে ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে দেন। এরপর ইমরান ডিবি পুলিশকে ফোন করে ইয়াবার তথ্য দেন। পরে ডিবি পুলিশ মেলার মাঠে গিয়ে ঋতুকে আটক করে। তাকে তল্লাশি করে থ্রি-পিসের ভেতর থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। রকিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।