ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে ভোট দিলেন ভারতীয় বিচারপতি

আপডেট : ২৭ মে ২০২৪, ০৫:৫৬ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের রাফা অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ রায়ের ভিত্তিতে ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। শুক্রবার (২৫ মে) বিচারকের প্যানেল ১৩-২ ভোটের ভিত্তিতে এই রায় দিয়েছেন। সেখানে ভারতীয় বিচারপতি দলবীর ভান্ডারি ইসরায়েলের বিপক্ষে ভোট দিয়েছেন।

সোমবার (২৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিচারপতি ভান্ডারি ১৯৪৭ সালে রাজস্থানের যোধপুরে জন্মগ্রহণ করেন। তিনি ২০১২ সাল থেকে আন্তর্জাতিক আদালতে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৪ সালে পদ্মভূষণসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন ভান্ডারি।

গাজায় ফিলিস্তিনি জনগণকে রক্ষায় ব্যবস্থা নিতে দক্ষিণ আফ্রিকার অনুরোধে সাড়া দিয়ে শুক্রবার (২৪ মে) ইসরায়েলকে রাফায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেয় হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
 
আইসিজের ১৫ জন বিচারকের প্যানেলের ১৩ জন বিচারপতি ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। শুধু উগান্ডা ও ইসরায়েলের বিচারক এ রায়ের বিরোধিতা করেছেন। পক্ষে ভোট দেওয়াদের মধ্যে একজন হলেন দলবীর ভান্ডারি।

এর আগে ২০২২ সালে ইউক্রেনে সেনা অভিযান নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়ে আলোচনায় এসেছিলেন ভান্ডারি। ভান্ডারী সুপ্রিম কোর্টে বহু যুগান্তকারী মামলার পক্ষে কথা বলেছেন। তিনি ২০০৫ সালের ২৮ অক্টোবর থেকে সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জনস্বার্থ মামলা, সাংবিধানিক আইন, ফৌজদারি আইন, দেওয়ানি পদ্ধতি, প্রশাসনিক আইন, সালিশ, পারিবারিক আইনসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক যুগান্তরকারী রায় দিয়েছেন। 

এদিকে রাফায় অভিযান বন্ধ নিয়ে ২৪ মে দেওয়া নির্দেশে আইসিজে উল্লেখ করেছে, ইসরায়েলকে অবশ্যই নির্ভরযোগ্য কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো তদন্তকারী সংস্থাকে গণহত্যার অভিযোগ তদন্তের জন্য গাজায় 'নিরবচ্ছিন্ন' যাতায়াত সুবিধা দিতে হবে।
 
আইসিজের রায় পড়ে শোনানোর সময় সংস্থাটির প্রেসিডেন্ট নওয়াফ সালাম বলেছেন, আদালত ইসরায়েলকে গাজার সর্বশেষ পরিস্থিতির উন্নতির জন্য পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে। আর এর পর থেকে ফিলিস্তিনি উপত্যকার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ পরিস্থিতিতে নতুন করে জরুরি আদেশ দেওয়া আবশ্যক হয়ে পড়েছে।
 
আদালত গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য মিশর ও গাজার মধ্যে রাফা ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলকে। এছাড়া আদালত বলেছেন, তদন্তকারীদের অবরুদ্ধ উপত্যকায় প্রবেশের ব্যবস্থা করতে হবে এবং এক মাসের মধ্যে এর অগ্রগতি সম্পর্কে রিপোর্ট দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত