দ্বিতীয় ম্যাচেও অপ্রতিরোধ্য বাংলাদেশ

বাংলাদেশের কাবাডি ঐতিহ্য অনেক পুরনো। একটা সময় বিশে^র দ্বিতীয় সেরা দলের তকমাটা ছিল তাদের। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্মানের জায়গাটা খুইয়েছে তারা। বহু বছর ধরে এশিয়ান গেমসেও পদক জিততে পারেনি বাংলাদেশ। তবে বড় মঞ্চে ব্যর্থ হলেও ঘরের মাঠে তারা অপ্রতিরোধ্য। চার বছর ধরে নিজেদের আয়োজনে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে তাদের থামাতে পারছে না কোনো দল। রবিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া চতুর্থ আসরে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শুভ সূচনা করেছিল স্বাগতিকরা। সোমবার তারা মালয়েশিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। একপেশে ম্যাচটা বাংলাদেশ জিতেছে ৭৩-২২ পয়েন্টের ব্যবধানে। দুর্বল প্রতিপক্ষকে পুরো ম্যাচে ছয়বার অলআউট করেছেন আব্দুল জলিলের শিষ্যরা।

প্রথমার্ধেই পরিষ্কার ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের চার মিনিটের মধ্যে নবিশ মালয়েশিয়াকে প্রথম অলআউট করে তারা। রেইডে মুনশিয়ানা দেখিয়েছেন মনির হোসেন, আল-আমীন, আরদুজ্জামানরা। পাশাপাশি অপরিপক্ব মালয়েশিয়ান রেইডারকে ধরে ফেলতে খুব বেশি বেগ পেতে হয়নি বাংলাদেশকে। প্রথমার্ধে আধিপত্য দেখিয়ে তারা ৩৭-৪ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধেও খেলার ধারা অব্যাহত রেখেছে তারা। যদিও দলের মূল খেলোয়াড়দের বিশ্রামে পাঠিয়ে বেঞ্চারদের যথেষ্ট গেমটাইম দেওয়ার পথে হাঁটেন জলিল।

তাতে পরের ম্যাচের আগে খানিকটা বিশ্রামের সুযোগ মিলেছে সেরাদের। অলরাউন্ডিং পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছেন আল-আমীন। আগের তিন আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশের এবারের চোখে চতুর্থ শিরোপা। ১২ দলের এই আসরে বাংলাদেশ খেলছে এ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর মতো আছে নেপাল ও ইন্দোনেশিয়া। শক্ত প্রতিপক্ষ মোকাবিলার আগে দুর্বলদের সহজেই হারাতে শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের সেরা আল-আমীন জানিয়েছেন দলের লক্ষ্যের কথা। এবারও তারা চান অপরাজিত চ্যাম্পিয়ন হতে, ‘ম্যাচসেরা হয়ে ভালো লাগছে। তবে আমাদের প্রধান লক্ষ্য দলের জয় আর চতুর্থবারের মতো এই শিরোপা জিতে নেওয়া।’ আগের তিন আসরেই খেলেছেন আল-আমীন। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ‘আগেরবারের তুলনায় এ আসরে বেশ শক্তিশালী কিছু দল এসেছে। এশিয়ান গেমসে রুপা ও ব্রোঞ্জজয়ী দক্ষিণ কোরিয়া খেলছে এবার।

জাপানের মতো ভালো দলও খেলতে এসেছে। সেই বিবেচনায় এবারের দলগুলো ভালো। তাই টুর্নামেন্টটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে।’ শক্তিশালী কোরিয়াকে হারিয়ে শুরুর পর আরেকটি অনায়াস জয়ে দলের আত্মবিশ্বাস অনেক বেড়েছে বলে মনে করেন দলের কোচ জলিল, ‘দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছে দল। আজ (সোমবার) মালয়েশিয়ার বিপক্ষেও বড় জয় পেয়েছে। আমি যেভাবে ছেলেদের পরিকল্পনা সাজিয়ে দিচ্ছি, সেটা তারা ম্যাচে পুরোপুরি বাস্তবায়ন করতে পারছে। ছেলেদের পারফরম্যান্সে আমি অত্যন্ত আনন্দিত।’ আজ মঙ্গলবার বাংলাদেশের কোনো খেলা নেই। এক দিন বিরতি দিয়ে বুধবার তারা তৃতীয় ম্যাচটি খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে, যারা সোমবার জমজমাট লাড়ইয়ে পোল্যান্ডকে হারিয়েছে ৪৬-৩৯ পয়েন্টে। এদিকে বি গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৬-২৮ পয়েন্টে হারিয়ে দিয়েছে এই টুর্নামেন্টের দুবারের রানার্সআপ কেনিয়া।