আজ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সামনে আবার সেই যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র কারও কাছে স্বপ্নের দেশ, কারও কাছে দুঃস্বপ্নের। ডলার কামানোর হাতছানিতে অনেকেই অবৈধ পন্থায় আসতে চান যুক্তরাষ্ট্রে। মেক্সিকো সীমান্ত দিয়ে ৩০ বছরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে প্রাণ হারানো মানুষের সরকারি তালিকায় সংখ্যাটা ১০ হাজার, অনানুষ্ঠানিক গণনায় সংখ্যাটা আরও বাড়বে।

বাংলাদেশ ক্রিকেট দলের কাছে যুক্তরাষ্ট্র স্বপ্নের দেশ না হয়ে এখন দুঃস্বপ্নেরই দেশ হয়ে উঠেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যান শান্তরা। শেষ ম্যাচে মার্কিনিরা বেশ কজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ায় বাংলাদেশ পেয়েছে সান্তনার জয়। তবে এখানেই শেষরক্ষা হচ্ছে না।

কারণ আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আইসিসি নির্ধারিত অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের। যে ম্যাচটা কিছুদিন আগেও মনে হচ্ছিল স্রেফ নিয়মরক্ষার, সেটাই এখন হয়ে উঠতে পারে মান বাঁচানোর।

প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ভাগ্য বরাবরই খারাপ। ২০২৩ সালেও ওয়ানডে বিশ্বকাপে প্রথম প্রস্তুতি ম্যাচটা হেরেছিল বাংলাদেশ। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১৬০ রানের জবাবে ৯৮ রানে ৯ উইকেট হারিয়ে ম্যাচটা হেরেছিল সাকিব আল হাসানের দল। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তো হেরেছিল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের কাছেও। এই পরিসংখ্যান মনে রাখলে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার আমলে নিলে আজ ডালাসের প্রথম প্রস্তুতি ম্যাচটাও খুব একটা অনুপ্রেরণার উৎস হবে না বলেই ধরে নেওয়া যায়।

কারণ স্বাগতিক যুক্তরাষ্ট্র নিজেরাও চাইবে বিশ্বকাপের আগে পূর্ণ প্রস্তুতি শেষ করতে। তখন নিশ্চয়ই আলি খান, মোনাক প্যাটেল, স্টিভেন টেইলর ও হারমিত সিংদের বসিয়ে রাখবে না।

বিশ্বকাপের ভেন্যু গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ খেলা বাংলাদেশের। মেজর লিগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি এই ভেন্যু ব্যবহার করে। মেজর লিগ ক্রিকেটের ফাইনালও হয়েছে এই ভেন্যুতে। যেখানে ১৮৩ রান তাড়া করে পরে ব্যাট করা দল জিতেছে ২৪ বল হাতে রেখে। ২১৫ রানের জবাবে ১৯৩ রান হয়েছে ২০ ওভারে, ১২১ এর জবাবে ১৯১। তাই বলা যায়, রান আছে প্রেইরির মাঠে। তবে সেই রান করার মতো ব্যাটসম্যান বাংলাদেশে আছে কি না, প্রশ্ন এখন সেটাই।

জিম্বাবুয়ের বিপক্ষে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম মিলে একটা শতরানের জুটি গড়েছিলেন, মার্কিনিদের বিপক্ষেও শেষ টি-টোয়েন্টিতে করেছেন ১০৮ রানের ম্যাচজেতানো জুটি।

লিটন দাসের ফের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্রমেই কমছে। বাংলাদেশের একাদশ বাছাইয়েও ছিল ভুল। প্রথম ম্যাচে কোরে অ্যান্ডারসন, হারমিত সিং, স্টিভেন টেইলরদের মতো বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য একাদশে মোস্তাফিজ, সাকিব, শরিফুল মিলিয়ে তিন বাঁহাতি বোলার। সুবিধাটা তাই আর নেওয়া যায়নি, ফল শুরুতে আর শেষ ওভারে বল হাতে মাহমুদউল্লাহ।

এসব অঙ্কের সমাধান না মিলিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফের মাঠে নামলে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসে লাগবে জোরালো ধাক্কা। কারণ আরেকটা প্রস্তুতি ম্যাচ ভারতের সঙ্গে নিউ ইয়র্কে। সেই ম্যাচটায় বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রস্তুতি ভালো হওয়ার সুযোগ আছে, বাংলাদেশের নেই!

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে। দেখা যাবে আইসিসি টিভিতে।