নতুন ভূমিকায় গেরহার্ড পিটার

দুই প্রস্থে বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ ছিলেন গেরহার্ড পিটার। এবার এই জার্মান কোচকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। এ উপলক্ষে আজ বুধবার সংবাদ সম্মেলন ডেকেছে ফেডারেশন।

এর আগে ২০০৯ সালে প্রথম জাতীয় দলের দায়িত্ব পালন করেন এই অভিজ্ঞ কোচ। তার অধীনে বাংলাদেশ ২০১০ এসএ গেমসে অংশ নেয়। এরপর ২০১৬ সালে ফের জাতীয় দলের দায়িত্ব নিতে ঢাকায় আসেন তিনি। এর আগে অবশ্য মোহামেডান ও মেরিনার ইয়াংস ক্লাবের দায়িত্বও পালন করেছেন তিনি। বাংলাদেশ হকি সম্পর্কে ভালো ধারণা আছে বলেই এই জার্মানকে হকির উন্নয়নে কাজে লাগাতে চাইছে ফেডারেশন। নতুন দায়িত্বে জাতীয় দল ছাড়াও বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলকে দীর্ঘমেয়াদি প্রস্তুত করার দায়িত্বে থাকবেন গেরহার্ড। নতুন দায়িত্ব নিতে ইতিমধ্যে ঢাকায় রয়েছেন তিনি। এ প্রসঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ বলেন, ‘আমরা কিছু বড় লক্ষ্য নিয়ে কাজ করছি। এশিয়ান গেমসে ভালো একটা ফলাফল করার পাশাপাশি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার লক্ষ্যে আমরা দীর্ঘমেয়াদি কাজ করতে চাই। অতীতে অনেকবার কাজ করার সুবাদে গেরহার্ড পিটারের বাংলাদেশের হকি সম্পর্কে ভালো ধারণা রয়েছে। তার মাধ্যমেই প্রায় প্রতি বছর আমাদের বেশ ক’জন খেলোয়াড় জার্মান লিগে খেলার সুযোগ পায়। এখন তিনি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করলে জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক অনেক খেলোয়াড়কে আমরা নিয়মিত জার্মানিতে নিয়ে প্রশিক্ষণ দেওয়াতে পারব। তাছাড়া তার অধীনে আমাদের স্থানীয় কোচরাও বিভিন্ন পর্যায়ে কাজ করার ও শেখার সুযোগ পাবেন।’

ফেডারেশনের ইচ্ছে চার বছরের জন্য হকি উন্নয়নে গেরহার্ডকে কাজে লাগাতে। তবে আপাতত তারা এক বছরের জন্য চুক্তি করেছে সোমবার ঢাকায় আসা জার্মান কোচের সঙ্গে। যা কার্যকর হবে ১ জুন থেকে।