কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তানভীর ওয়াহিদ নাইস (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
নিহত ওই যুবক উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের লাকি হল পাড়ার মৃত নজরুল ইসলাম মাস্টারের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় তানভীর ও তার দুই বন্ধু একটি ডিসকোভার ১২৫ সিসি মোটরসাইকেলে নিয়ে সোনাহাট সেতু পাড়ে ঘুরতে যান। পরে রাত ৮টার দিকে ফেরার পথে পাটেশ্বরী বাজার পার হয়ে কোম্পানি মোড় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় মোটরসাইকেলটি। এতে চালক তানভীর মারাত্মকভাবে আহত হন।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।