নানা ধরনের বিদ্রূপের মাঝে নিউইয়র্কে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন দেশটির সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। নিজের ছবি পোস্ট করে হার্দিক লিখেছেন মোটে তিনটি শব্দ- ‘অন ন্যাশনাল ডিউটি’ (জাতীয় দায়িত্বের পথে)।
গুজরাট টাইটানস থেকে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হওয়ার সফরটি মোটেও সুখকর ছিল ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার জন্য। রোহিত শর্মাকে হটিয়ে তাকে অধিনায়ক করাটা মেনে নিতে পারেনি মুম্বাইয়ের ভক্তরা। সইতে হয়েছে ব্যাপক গঞ্জণা। আসরে প্লে অফ তো দূরের কথা, সবার শেষে থেকে শেষ করতে হয় তাকে। সাংসারিক টানাপোড়েনের কথা শোনা যাচ্ছে কদিন ধরে।
এসব কিছু ছাপিয়ে ভারতীয় দলে যোগ দিয়ে অনুশীলনে রত হন হার্দিক। আর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন সেই অনুশীলনের ছবি। টি-টোয়েন্টির আসন্ন মেগা ইভেন্টের জন্য তিনি যে প্রস্তুত তারই ঘোষণা দিলেন যেন।
এবারের আসরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে তারা। আগামী ৯ জুন নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। তার আগে ১ জুন বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।