চাঁদপুরে স্কুলছাত্রীদের ইভটিজিংয়ের দায়ে তিন বখাটে যুবককে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ মে) দুপুরে চাঁদপুর সদর উপজেলার হামানকর্দি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দণ্ডিতরা হলেন জুম্মান, সিয়াম ও কাউছার। তারা উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দি গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম, বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় বাসিন্দারা এ সময় উপস্থিত ছিলেন।
ইউএনও সাখাওয়াত জামিল সৈকত বলেন, হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রীকে উত্যক্ত করা, অশালীন অঙ্গভঙ্গী প্রদর্শন ও হুমকি দেয়ায় তিন বখাটেকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। স্কুলগামী মেয়েদের উত্যক্ত করা ও ভয়ভীতি প্রদর্শন সামাজিক ও ফৌজদারি অপরাধ।