মতিঝিলে বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীর দাবি আত্মহত্যা

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির একটি বাসা থেকে সেলিনা আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেলিনার স্বামী ও পুলিশের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

আজ বুধবার (২৯ মে) বেলা ৩টার দিকে খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, এজিবি কলোনির হাসপাতাল জোন এলাকার নিচতলা বাসাটির দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না পেচানো গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, সেলিনার স্বামী হুমায়ুন কবির জানান, সেলিনার বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। তার বাবার নাম সেলিম। ৫ মাস আগে দুজন প্রেমের সম্পর্কে বিয়ে করেন। থাকতে শুরু করেন এজিবি কলোনির হাসপাতাল জোনের একটি বাসায়। হুমায়ুন একটি ছাপাখানায় আর সেলিনা একটি কারখানায় কাজ করেন।

হুমায়ুন বলেন, চলতি মাসে সেলিনা একটি ছেলের সঙ্গে সম্পর্ক করে ফেনী চলে গিয়েছিল। পরে ফোনে যোগাযোগ করে তাকে আবার ঢাকায় ফিরিয়ে আনা হয়। এরপর সবকিছু ঠিক থাকলেও মঙ্গলবার রাতে স্বামীর কাছে সেদিনের সব কথা খুলে বলে সেলিনা। ফেনী পালিয়ে যাওয়া ওই ছেলের সাথে শারীরিক সম্পর্কের কথাও বলে সেলিনা। সে নিজের ভুল বুঝতে পারায় এসব শুনেও তেমন প্রতিক্রিয়া দেখাননি হুমায়ুন। বুধবার দুপুরে তিনি বাসা থেকে ছাপাখানায় চলে গেলে তখন প্রতিবেশী ভাড়াটিয়া তাকে ফোন করে জানায়, সেলিনা রুমের ভিতর গলায় ফাঁস দিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বাসায় গিয়ে দেখেন, রুমের দরজা ভেতর থেকে বন্ধ। পরে থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে দরজা ভেঙে রুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।