লেকিপের দাবি, এমবাপ্পের বেতন-বোনাস আটকে দিয়েছে পিএসজি

প্যারিসের ঘরের ছেলে এমবাপ্পের সঙ্গে বিদায় বেলাটা মধুর হলো না পিএসজির। এমনটাই দাবি দেশটির সংবাদমাধ্যম লেকিপের। ক্লাবটি নাকি তারকা ফরোয়ার্ডে বেতন–বোনাস আটকে দিয়েছে।

চলতি মৌসুমেই প্যারিসের দলটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপ্পের। নতুন করে তার চুক্তি না বাড়ানোর সিদ্ধান্তে নাখোশ পিএসজির মালিক নাসের আল খেলাইফি। সে কারণে আনুগত্য বোনাস ৮০ মিলিয়ন ইউরোসহ এপ্রিলের বেতনও দেওয়া হয়নি এই বিশ্বকাপজয়ী ফরাসি তারকাকে।

এক প্রতিবেদনে লেকিপের সাংবাদিক ড্যামিয়েন দেগোরে লিখেছেন, পিএসজি থেকে এপ্রিল মাসের নির্ধারিত বেতন দেওয়া হয়নি এমবাপেকে। এমনকি ফেব্রুয়ারি থেকে তার বোনাস দেওয়ার কথা থাকলেও সেটি অপরিশোধিত থেকে গেছে। কারণ তিনি পিএসজির সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছেন এবং ইতোমধ্যে চুক্তিও সেরে ফেলেছেন (যদিও ক্লাব কিংবা এমবাপে চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি) রিয়াল মাদ্রিদের সঙ্গে।

ওই প্রতিবেদনে এমবাপ্পে ঠিক কি পরিমাণ অর্থ পাননি সেটি উল্লেখ করেননি লেকিপের প্রতিবেদক। তবে বোনাসের পরিমাণ উল্লেখ করে তিনি লিখেছেন, ‘এটি মনে হচ্ছে অনেকটা প্রান্তিককরণ বা ধীরে ধীরে একঘরে করে রাখার পরিস্থিতি, সবশেষে এটাই ঘটছে। সবমিলিয়ে ফ্রান্সের রাজধানীর ক্লাবটি নাকি এপ্রিল মাসের বেতন পরিশোধের কথা ‘‘ভুলে গেছে।’’ সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে এমবাপ্পেকে লয়্যাল্টি বোনাস দেওয়ার কথা থাকলেও, সর্বমোট ৮০ মিলিয়ন ইউরো অপরিশোধিত থেকে গেছে।’

ফরাসি সংবাদমাধ্যমটি জানিয়েছে, পিএসজি ও এমবাপ্পের আইনজীবী বসে বিষয়টি শেষ পর্যন্ত সুরাহা করবে। প্যারিসের ক্লাবটি ছেড়ে যাওয়া নিয়েও বিস্তারিত আলোচনা হবে দু’পক্ষের সাক্ষাতে। জুন শেষ হতেই ক্লাব ফুটবলের চলতি মৌসুমের ইতি ঘটবে। এরপরই স্প্যানিশ রিয়ালে যোগ দেওয়ার কথা এমবাপের। যদিও এ নিয়ে এখন পর্যন্ত কেউই আনুষ্ঠানিক ঘোষণা দেননি। কিন্তু তিনি নাকি স্প্যানিশ ভাষা শেখা শুরু করে দিয়েছেন।