সরকারি কোষাগারের অর্থ আত্মসাৎ

সাবেক মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

সরকারি কোষাগারের ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২। 

বৃহস্পতিবার (৩০ মে) দণ্ডবিধির ৪২০/৪০৯ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. আবদুল মালেক। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন দুদক, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপপরিচালক মো. আতিকুল আলম।

সূত্রটি জানায়, মামলার এজাহারে বাঁশখালীর পৌরসভার সাবেক এই মেয়রের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন কাজের নামে অর্থ আত্মসাৎ, ঘুষের বিনিময়ে জনবল নিয়োগসহ সরকারি কোষাগারের ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। 

অভিযোগ পেয়ে ২০২০ সালে সাবেক মেয়র সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে প্রধান কার্যালয়ের নির্দেশে অনুসন্ধান শুরু করে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক মো. আবদুল মালেক ও উপসহকারী পরিচালক সালাহ উদ্দিন। বাঁশখালী পৌরসভার সামনে পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে সরকারি টাকায় চারটি দোকান নির্মাণের পর পছন্দের লোককে বরাদ্দ দেওয়াসহ নানা অভিযোগ আনা হয়েছে।