ঘেরে হামলা-লুটপাট

উজিরপুরে ইউপি চেয়ারম্যান কারাগারে

বরিশালের উজিরপুরে মৎস্য ঘেরে হামলা ও লুটপাটের অভিযোগে করা মামলায় সাতলা ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। বরিশাল সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উজিরপুর) আমলি আদালতের বিচারক মাহফুজুর রহমান গতকাল বৃহস্পতিবার ওই চেয়ারম্যান ও তার চাচাতো ভাই ইলিয়াস হাওলাদারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান।

জানা গেছে, উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা গ্রামের ইদ্রিস হাওলাদারের মাছের ঘেরে চাঁদা দাবিতে ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারের ভাই ইলিয়াস হাওলাদার ও আসাদ হাওলাদার হামলা চালায়। ওই ঘটনায় থানায় মামলা হলে আসামি আসাদ হাওলাদারকে আদালত কারাগারে পাঠায়। জামিনে বের হয়ে আসাদ হাওলাদার তার বাহিনী নিয়ে গত ১৬ মার্চ রাতে ইদ্রিস হাওলাদারের মৎস্য ঘেরে তান্ডব চালিয়ে মালপত্র লুটপাট করে পালিয়ে  যাওয়ার সময় জনতার হাতে দুজন আটক হয়। এ ঘটনায় ইদ্রিস হাওলাদার বাদী হয়ে শাহিন হাওলাদার, তার ভাই আসাদ হাওলাদার ও ইলিয়াস হাওলাদারকে আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা করেন।