ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ শহরে বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, নিহত এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল হক ইন্তা, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম বিপ্লবসহ স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।
এ ছাড়া মানববন্ধনে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কালীগঞ্জ উপজেলা শাখার সদস্যরা অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ী নেতারা এমপি আনার হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ১২ মে চিকিৎসার জন্য দর্শনার গেদে বন্দর পার হয়ে ভারতের পশ্চিবঙ্গে যান এমপি আনোয়ারুল আজীম আনার। ১৩ মে থেকে নিখোঁজ হন এমপি। ২২ মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউ টাউন এলাকায় সঞ্জীভা গার্ডেনে খুন হয়েছেন বলে সংবাদ আসে। পরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার মৃত্যুর সংবাদ জানিয়ে বিবৃতি দেন। আনার ভারতীয় সীমান্ত এলাকা ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য।