বেনজীরের দেশত্যাগের বিষয়টি জানেন না ওবায়দুল কাদের

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের সপরিবারে দেশ ত্যাগের বিষয়টি জানেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি এটা জানি না, এটা এখনো পরিষ্কার না।’

আজ শুক্রবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, এটার তো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় দুদক তদন্ত করছে। দুদক যদি মামলা করে, মামলা করার পর আদালত ঠিক করবে গ্রেপ্তার করবে কি না, কিংবা কখন গ্রেপ্তার করবে বা জেলে পাঠাবে। এটি বিচারব্যবস্থার প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। আমরা সরকার কি আদেশ দেব?

বেনজীর আহমেদ তার ৩২ ব্যাংকে থাকা অ্যাকাউন্ট থেকে এরই মধ্যে টাকা তুলে ফেলেছেন- এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এসব বিষয়ে আমি অবহিত নই। এটা আইনের বিষয়। দুদক বলছে, তারা টের পেয়েছে। দুদক সেটা প্রমাণ করুক।

এ সময় বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপি আমলে হাওয়া ভবন ছিল দুর্নীতি আর লুটপাটের ভবন। এখন তারা দুর্নীতি নিয়ে কথা বলে। বিএনপি আমলে দুর্নীতি করা দলের কাউকে কি কোনো শাস্তি দিয়েছে? প্রশাসনের কাউকে শাস্তি দিয়েছে তারা? আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তদন্ত হচ্ছে। সরকার-বিএনপির মতো ইমিউনিটি কালচার গড়ে তোলেনি।

ওবায়দুল কাদের নিজের উদাহরণ দিয়ে আরও বলেন, আমি মন্ত্রী যদি দুর্নীতি করি, সেটা কি বিনাবিচারে শেষ হয়ে যাবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সব খবর আছে, কারা কী করে। প্রধানমন্ত্রীর অফিসেও তিনি কিছু ব্যবস্থা নিয়েছেন।

  এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাপা, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।