গাজার গণহত্যা নিয়ে কথা বলে চাকরি হারালেন নার্স

গাজা যুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে- এমন কথা বলে চাকরি হারালেন নিউইয়র্কের একটি হাসপাতালে কর্মরত এক ফিলিস্তিনি-আমেরিকান মুসলিম নার্স। গর্ভাবস্থা ও প্রসবের সময় সন্তান হারানো শোকার্ত মায়েদের নিয়ে কাজ করেন হাসেন জাবের নামের এই নারী নার্স। সেই কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার গ্রহণ করতে গিয়ে বক্তব্য দিয়েছিলেন তিনি। 

বৃহস্পতিবার এনওয়াইইউ ল্যাংগোন হেলথ হাসপাতালের একজন মুখপাত্র বলেছেন, ‘বিভাজনমূলক’ এই বিষয়ে কথা না বলতে লেবার এবং ডেলিভারি নার্স জাবেরকে আগেই সতর্ক করা হয়েছিল।

নার্স হাসেন জাবের এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, গত ৭ মে তাকে পুরস্কার দেওয়া হয়। তখন তিনি বক্তব্য দিয়েছিলেন। এরপরই তাকে বরখাস্তের চিঠি ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

জাবের তার বক্তব্যের একটি অংশে গাজা যুদ্ধে সন্তান হারানো শোকার্ত মায়েদের প্রসঙ্গ টেনে বলেছিলেন, এই পুরস্কার তার কাছে ‘খুবই ব্যক্তিগত’ গুরুত্ব বহন করে। গাজায় চলমান গণহত্যার মধ্যে আমার দেশের নারী যে অকল্পনীয় ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তা আমাকে প্রচণ্ড কষ্ট দেয়। আর এমন বক্তব্যের পরই চাকরি হারান ওই নার্স।

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গত আট মাসে হামাস নিয়ন্ত্রিত গাজায় ৩৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হযেছেন ২৩ লাখের মতো মানুষ।