ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেনকে নেপালে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) নেপাল পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
শনিবার সকালে এমপি আনার হত্যার তদন্ত করতে নেপালে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ গেটে গণমাধ্যমকে এ কথা বলেন ডিবি প্রধান।
তিনি বলেন, ‘সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছি। এ ছাড়া হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর অন্যান্য আসামিরাও নেপালে যাওয়া সম্ভাবনা আছে। সবদিক বিবেচনা করে আমরা সেখানে যাচ্ছি।‘
তিনি বলেন, ইন্টারপোলকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। কাঠমান্ডু পুলিশের সঙ্গে তথ্য আদানপ্রদান চলছে।
তিনি আরও বলেন, ‘এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত গ্রেপ্তার চার আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো ক্রস চেক করতে নেপাল যাচ্ছি।’
ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে নেপালে যেন ঠাঁই না পায় সে ব্যাপারেও দেশটির পুলিশের সঙ্গে কথা বলা হবে বলে জানান তিনি।
এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের কলকাতায় তদন্তের পর এবার চার সদস্যদের ডিবির একটি টিম নেপালের উদ্দেশে রওনা দিয়েছে। ডিএমপির ডিবির প্রধান হারুন অর রশিদের নেতৃত্বে ডিবি দলের ৩ সদস্য ও একজন ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোসের (এনসিবি) সদস্যসহ মোট চারজনের একটি দল শনিবার (১ জুন) সকালে নেপালের উদ্দেশ্যে রওয়ানা দেয়।