নারী প্রিমিয়ার লিগে আবাহনীকে হারালো মোহামেডান  

প্রথম চার রাউন্ডে দুই দলই ছিল অপ্রতিরোধ্য। প্রতিপক্ষকে তেমন সুযোগ না দিয়ে একের পর জয় পায় আবাহনী ও মোহামেডান। নারী প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডে মুখোমুখি লড়াইয়ে আবাহনীর জয়রথ থামালো মোহামেডান।

বিকেএসপির ৩ নম্বর মাঠে ১১১ রানে জিতেছে মোহামেডান। ১৮৮ রানের লক্ষ্যে ২৯.১ ওভারে কেবল ৭৬ রানে গুটিয়ে যায় আবাহনী।
মোহামেডানের সমান পাঁচ জয় বর্তমান চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদেরও। তবে শ্রেয়তর নেট রান রেটে এক নম্বরে মোহামেডান। ৪ জয়ে তিনে আবাহনী।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭৩ রানের জুটি গড়েন মোহামেডানের দুই ওপেনার জেসিয়া আক্তার ও মুর্শিদা। ৪৪ বলে ৪১ রান করে ফেরেন জেসিয়া। এরপর সোবহানা মোস্তারিকে নিয়ে ৫৫ রান যোগ করেন মুর্শিদা। 

৩২ রান করে সোবহানার বিদায়ে ভাঙে এই জুটি। এরপর আর তেমন কোনো জুটি গড়ে ওঠেনি। মুর্শিদার ব্যাট থেকে আসে ৫ চারে ৭৮ বলে ৫৫ রান। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৮০.২৫ গড়ে তার সংগ্রহ লিগের সর্বোচ্চ ৩২১ রান। আর কেউ তিনশ রান করতে পারেননি। 

শেষ দিকে অভিজ্ঞ সালমা খাতুনের  ৪৪ বলে ৩২ রানের সৌজন্যে দুইশর কাছাকাছি পৌঁছায় মোহামেডান।

আবাহনীর হয়ে ৩৭ রানে ৩ উইকেট নেন তরুণ অফ স্পিনার শরিফা খাতুন। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৪৩ রানে নেন ২ উইকেট। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সবচেয়ে খরুচে বোলিং করে ৮.২ ওভারে ৩৯ রানে জাহানারা আলম পান ১ উইকেট।

রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে আবাহনী। একবারের জন্যও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি তারা। দুই অঙ্ক ছুঁতে পারেন মাত্র তিন ব্যাটার। সর্বোচ্চ ২০ রান করেন রুবাইয়া হায়দার ঝিলিক। 

২টি করে উইকেট নেন সালমা, আয়েশা রহমান ও রুমানা আহমেদ। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সালমা।