ভারী বৃষ্টি ও ঝড়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুটি ইউনিয়নের ১০টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া শিশুসহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঝড়ে গাছচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর মৃত্যুর খবর শুনে ‘হার্ট অ্যাটাক’ করে আরো এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে মারা গেছে আড়াই বছরের এক শিশু।
নিহতরা হলেন, উপজেলার পাড়িয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামের পইনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম এবং হার্ট অ্যাটাকে মারা যাওয়া নারী দবিরুল ইসলামের স্ত্রী জাহেদা বেগম। দুওসুও ইউনিয়নের লালাপুর নয়াপাড়া গ্রামের নাজমুল ইসলামের আড়াই বছরের ছেলে নাঈয়ুম।
আজ শনিবার (১ জুন) দুপরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঝড়ে পাড়িয়া ইউনিয়নের তিলকড়া, শালডাঙ্গা, বঙ্গভিটা, লোহাড়া, বামুনিয়াসহ ৬টি গ্রাম এবং বড়বাড়ী ইউনিয়নের বেলহাড়া, বেলবাড়ী, বটের হাট, হরিপুরসহ ৪টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে সহায়তার আশ্বাস দিয়েছেন।