বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে মসলার গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ অভিযানে ২ লাখ টাকা জরিমানা ও মেয়াদোত্তীর্ণ, পচা, পোকামাকড়যুক্ত, নষ্ট মসলার একটি ঘর সিলগালা করা হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বাদুরতলা তিব্বতের মোড় এলাকায় মিলন ট্রেডার্সে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিব। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এই মিলন টেডার্সের গোডাউনে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা প্যাকিং ও রিপ্যাকিং, করা হচ্ছিল। আমাদের ধারনা তারা লোকাল পণ্যগুলো ইন্ডিয়ান ব্যান্ডের পণ্যের প্যাকেটে প্যাকিং করে বাজারজাত করছিল। আমরা এখানে বেশকিছু মসলার বস্তা পেয়েছি, যেমন জিরা, ধনিয়াসহ বিভিন্ন মসলার বস্তা, যেগুলো মেয়াদোত্তীর্ণ, পোকাধরা। এ ছাড়া পরিবেশ অস্বাস্থ্যকর, মেঝেতে পড়ে থাকা মসলাও রয়েছে। যা তারা ভবিষ্যতে বাজারজাত করার সম্ভাবনা রয়েছে। প্রকৃতপক্ষে গেডাউনের সামগ্রিক অবস্থা খারাপ।
তিনি আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মিলন ট্রেডার্সকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। নষ্ট, পোকাধরা মসলাগুলো একটি ঘরে রেখে সিলগালা করে দেওয়া হয়েছে। দেড়ঘণ্টার এ অভিযানে বগুড়া পৌরসভা ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেছে।