বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার সংগ্রহ ১৯৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে টেক্সাসের ডালাসের প্রেইরি ভিউ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। আজ সেই মাঠেই গড়িয়েছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।

উদ্বোধনী ম্যাচে কানাডা রীতিমতো ঝড় তুললো। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে কানাডা ৫ উইকেটে তুলেছে ১৯৪ রান।

বিশ্বকাপের প্রথম বলেই ছিল চারের মার। দারুণ শুরু করা কানাডার উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ৪৩ রানে অ্যারন জনসন (২৩) আউট হলে। আরেক ওপেনার নাভনিত ঢালিওয়াল ৪৪ বলে ৬১ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৬ চার ও ৩ ছক্কা।

নিকোলাস কির্টন করেন ৩ চার ও ২ ছক্কায় ৩১ বলে খেলেন ৫১ রানের ইনিংস। শেষে উইকেটকিপার ব্যাটার শ্রেয়াস মোভার (১৬ বলে ৩২) ব্যাটে ভর করে বড় সংগ্রহ পায় কানাডা।

যুক্তরাষ্ট্রের হয়ে একটি করে উইকেট নেন আলি খান, হারমিত সিং ও করি অ্যান্ডারসন।

ম্যাচের আগে আয়োজন ছিল সাদামাটা। যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলেও, সেখানে বড় আকারের উদ্বোধনী অনুষ্ঠান রাখেনি আইসিসি। মাঠে খেলা গড়ানোর ১০ মিনিট আগে ক্ষুদ্র পরিসরে একটি আয়োজন হয়।