মাছ ডেলিভারি করে ফিরছিলেন বাড়ি, পথে গেল প্রাণ

গাজীপুরের জৈনা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২ মে) ভোরে শ্রীপুর জৈনাবাজার এলাকায় একটি পিকআপ ভ্যানকে অপর একটি অজ্ঞাত গাড়ি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের চঞ্চল রায় (৩৮) ও বরিশাল জেলার মেহেন্দীগঞ্জের রিপন (৩৮)। দুর্ঘটনায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। আহত মামুন (৩২) বরিশাল জেলার মুলাদি এলাকার বাসিন্দা।

জানা যায়, ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকার মোহাম্মদপুরে মাছ ডেলিভারি করে পিকআপ ভ্যানে করে ময়মনসিংহের ভালুকায় ফিরছিলেন শ্রমিকরা।

স্থানীয়রা জানায়, আজ ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর জৈনাবাজার এলাকায় একটি পিকআপ ভ্যানকে অপর একটি অজ্ঞাত গাড়ি চাপা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।  পিকআপ ভ্যানে থাকা শ্রমিকরা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুব মোর্শেদ বলেন, রোববার ভোর ৪টায় অজ্ঞাতনামা একটি গাড়ির সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।