রাবিনার গাড়ি থামিয়ে মারতে আসেন তিন নারী, কি ঘটেছিল? 

হঠাৎ মুম্বাইয়ের রাস্তায় অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের গাড়ি থামিয়ে তার উপর চড়াও হন তিন নারী। তাদের দাবি, অভিনেত্রীর গাড়ি নাকি ধাক্কা দিয়েছে তাদের। সঙ্গে সঙ্গে গাড়ির চালক বেরিয়ে আসেন। তবে কোনও কথা কানে তুলতেই নারাজ তারা। এমন অবস্থায় গাড়ি থেকে রাবিনা বেরিয়ে আসতেই যেন রুদ্রমূর্তি ধারণ করেন তারা। বচসায় জড়ান দু’পক্ষ। অভিনেত্রীকে মারতে তেড়ে যান ওই পথচারীরা। ভয় পেয়ে খানিক পিছিয়ে যান রাবিনা। কাতর কণ্ঠে আর্জি জানাতে থাকেন বলেন,‘ধাক্কা দেবেন না, দয়া করে আমাকে মারবেন না।’

ঘটনাটি ঘটে শনিবার রাতে মুম্বাইয়ের কার্টার রোডে রিজভি কলেজের সামনে। এ সময় অভিনেত্রীর পরনে ছিল সাদা কুর্তা ও জিন্স, রূপটানের লেশমাত্র নেই। যদিও অভিযোগ, তিনি নাকি মদ্যপ অবস্থায় ছিলেন। তার গাড়িতে ধাক্কা খেয়ে এক নারীর কান থেকে রক্তপাত হয়েছে। তার পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গাড়ি থেকে রাবিনা নামতেই তার উপর চড়াও হন স্থানীয়েরা।

এমনকি, রাবিনার গায়ে হাত তুলতেও যান তারা। চারপাশে লোকজন ঘিরে ধরতেই বার বার তাকে না মারার অনুরোধও করতে থাকেন অভিনেত্রী। এমন সময় বেশ কিছু লোক গোটা ঘটনাটি ফোনে ভিডিও করতে থাকেন। কাছেই ছিল খার থানা। সেখানেই অভিনেত্রীর বিরুদ্ধে নাকি অভিযোগও দায়ের করেছেন ওই তিন নারী।