আপত্তি যেসব বিষয় নিয়ে

‘রামায়ণ’ প্রদর্শন বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম

মহাকাব্যের পরিচিত চরিত্রগুলোকে নতুনভাবে ব্যাখ্যা করার অধিকার কি পরিচালকের রয়েছে? নাকি সেই ব্যাখ্যা করতে গিয়ে মূল কাহিনির ধর্মীয় ও নৈতিক ভিত্তিতে আঘাত লাগার আশঙ্কাও মাথায় রাখতে হবে? বলিউড নির্মাতা নিতেশ তিওয়ারির ‘রামায়ণ: রাইজ অফ আ লিজেন্ড’ ঘিরে এবার সেই বিতর্কই সামনে এল। ছবিতে রাবণকে মহিমান্বিত করার চেষ্টা হয়েছে, এমনই অভিযোগ তুলে সিনেমাটির প্রদর্শন বন্ধের দাবি জানাল বিশ্ব হিন্দু পরিষদ। শুধু তাই নয়, ছবির জন্য ইতিমধ্যে দেওয়া সেন্সর সার্টিফিকেটও অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২১ নভেম্বর) একটি বিবৃতি প্রকাশ করে বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরং লাল বাগরা ছবির নির্মাতাদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, মহর্ষি বাল্মীকির মূল রামায়ণের একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ছবিতে নিজেদের মতো করে বদলে দেওয়া হয়েছে। এমন কিছু ঘটনারও অবতারণা করা হয়েছে, যেগুলির সঙ্গে মূল মহাকাব্যের কোনও সম্পর্ক নেই বলে দাবি তার। পাশাপাশি রামায়ণের গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্র ও পর্বকে সম্পূর্ণভাবে বাদ দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। ছবিটি মুক্তি পাওয়ার কয়েক দিন পরেই এই আপত্তি সামনে এসেছে। বাগরার বক্তব্য, এই পরিবর্তনগুলি নিছক চিত্রনাট্যের প্রয়োজনে করা হয়নি। বরং পরিকল্পিতভাবে মহাকাব্যের মূল বক্তব্য বিকৃত করে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করার চেষ্টা হয়েছে।

কোন কোন বিষয় নিয়ে আপত্তি বিশ্ব হিন্দু পরিষদের? বাগরার দাবি, অহল্যার শাপমুক্তির ঘটনা, নিষাদরাজ গুহের সঙ্গে শ্রীরামের বন্ধুত্ব এবং কেওটের ভক্তি ও আত্মনিবেদনের মতো গুরুত্বপূর্ণ অধ্যায় ছবিতে জায়গাই পায়নি। তার মতে, এই ঘটনাগুলি শ্রীরামের চরিত্রের সর্বজনীন মানবিক দিককে তুলে ধরে। অথচ সেগুলি বাদ দিয়ে রামায়ণের মূল ভাবনাকেই সংকুচিত করা হয়েছে।

এখানেই শেষ নয়। সংগঠনের সাধারণ সম্পাদকের আরও অভিযোগ, রামচন্দ্রের লঙ্কা অভিযানের উদ্দেশ্যকেও ছবিতে সম্পূর্ণ অন্যভাবে তুলে ধরা হয়েছে। বাগরার বক্তব্য, সমাজের শত্রু অসুরদের হাত থেকে ঋষি-মুনিদের রক্ষা করা, তাদের যজ্ঞ, সাধনা এবং গুরুকুলের পবিত্র পরিবেশ অক্ষুণ্ণ রাখাই ছিল শ্রীরামের বৃহত্তর লক্ষ্য। কিন্তু ছবিতে সেই লড়াইকে সীতাহরণের পর স্ত্রীর অপহরণের প্রতিশোধ নেওয়ার ব্যক্তিগত সংগ্রাম হিসেবে দেখানো হয়েছে বলে দাবি তার। এর ফলে শ্রীরামের আদর্শ ও কর্তব্যের ব্যাপ্তি অনেকটাই খর্ব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সবচেয়ে বেশি আপত্তি অবশ্য রাবণের চরিত্রায়ণ নিয়ে। বাগরার অভিযোগ, ছবিতে অহংকারী লঙ্কেশকে নিপীড়িত মানুষের মুক্তিদাতা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে। অথচ রাবণ জ্ঞান, ভক্তি এবং ক্ষমতার শীর্ষে পৌঁছলেও তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল ঔদ্ধত্য ও অনৈতিকতা। সেই অহংকারের বশেই তিনি সৃষ্টির প্রতিটি প্রাণীর উপর অত্যাচার ও নিপীড়ন চালিয়েছিলেন বলে দাবি বিশ্ব হিন্দু পরিষদের। বাগরার বক্তব্য, রামায়ণের প্রতিটি সংস্করণেই রাবণের এই চরিত্রের কথা স্পষ্টভাবে উঠে এসেছে। তাই তাকে শোষিত মানুষের মুক্তিদাতা হিসেবে তুলে ধরার প্রয়াস মূল আখ্যানের সঙ্গে সাংঘর্ষিক।

বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদকের দাবি, রামচন্দ্র ও রামায়ণের প্রতি গভীর আস্থাশীল লক্ষ লক্ষ হিন্দু মানুষের ধর্মীয় অনুভূতিতে এই ছবি আঘাত করেছে। কয়েক হাজার বছরের ঐতিহ্য ও বিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে রামায়ণ। শুধু একটি ধর্মীয় আখ্যান হিসেবেই নয়, ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ এবং রাজনৈতিক আচরণের নৈতিক ভিত্তি নির্ধারণেও এই মহাকাব্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করে সংগঠনটি। ফলে রামায়ণের মূল বক্তব্যে এমন পরিবর্তনকে কোনওভাবেই সাধারণ সৃজনশীল স্বাধীনতার বিষয় হিসেবে দেখা যায় না। বরং তা সমাজের নৈতিক ভিতের উপর আঘাত বলেই দাবি বাগরার।

বিবৃতিতে তার স্পষ্ট হুঁশিয়ারি, হিন্দু সমাজের ধর্মীয় অনুভূতিকে এভাবে ব্যবহার বা আঘাত করার চেষ্টা কখনও মেনে নেওয়া হবে না। সেই কারণেই ছবির সেন্সর সার্টিফিকেট বাতিল করে অবিলম্বে প্রদর্শন বন্ধ করার দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।

সর্বশেষ সর্বাধিক পঠিত