টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজ ২-১ এ হারে নাজমুল হোসেন শান্তর দল। বিশ্বকাপের প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচেও প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র তবে সেটি হয়নি বৈরী আবহাওয়ার কারণে।
গতকাল শনিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পান সাকিব-মাহমুদউল্লাহরা। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটি হেরেছে ৬০ রানে। রোহিত-পান্ডিয়াদের করা ১৮২ রানের জবাবে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে করে ১২২ রান।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল বলেন, ‘মনে হয় না (পরিকল্পনা অনুযায়ী হয়েছে খেলা)। কিন্তু বোলাররা দারুণ করেছে। কিন্তু আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আশা করি, বিশ্বকাপের মূল খেলায় স্পেশাল কিছু করবো।’
প্রস্তুতি ভালো না হলেও মূল বিশ্বকাপে কীভাবে ভালো করবে বাংলাদেশ। নাজমুল তারও ব্যাখ্যা দিয়েছেন, ‘আগে কী হয়েছে, সেটা নিয়ে আমরা ভাবছি না। আমরা সবাই জানি আমাদের সামর্থ্য কতটা। আমাদের সাহসী হতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’
যুক্তরাষ্ট্রে গেলেও চোটের কারণে প্রস্তুতি সিরিজে খেলেননি তাসকিন, প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষেও ছিলেন না এই পেসার। মোস্তাফিজুর রহমানকেও বিশ্রাম দিয়েছে বাংলাদেশ দল। এ দুজন একাদশে ফিরলে বিষয়টি অন্য রকম হবে বলে মনে করেন নাজমুল, ‘তাসকিন ও মোস্তাফিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা দুজন যখন ফিরবে, তখন ভিন্ন কিছু হবে।’
বাংলাদেশ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ সময় ৮ জুন সকালে হবে খেলাটি। নিজেদের প্রথম ম্যাচের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ, ‘আমার মনে হয়, সবাই প্রথম ম্যাচটা খেলার জন্য মুখিয়ে আছে। আমাদের ধৈর্য ধরতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। নিজেদের প্রস্তুত করার জন্য মাঝে আমাদের হাতে সাত দিন সময় আছে।’