নিষেধাজ্ঞা অমান্য করে লেকের পানিতে গোসল, পর্যটকের মৃত্যু

নেত্রকোণার সীমান্ত উপজেলা দুর্গাপুরে চিনা মাটির পাহাড়ে ঘুরতে গিয়ে লেকের পানিতে গোসল করতে নেমে সুমন মিয়া (২১) নামের এক পর্যটক মারা গেছেন। রবিবার (২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। সুমন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গিলার চালা (গরগিরিয়া মাস্টার বাড়ি) গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। 

জানা যায়, দুর্গাপুরে চিনা মাটির পাহাড়ে ঘুরতে এসে সুমনসহ অনেকে গোলস করতে নামে। যদিও লেকে গোসল করতে প্রশাসনিক নিষেধাজ্ঞা রয়েছে। একপর্যায়ে গোসল শেষে সবাই ওপরে ওঠে আসলেও সুমন নিখোঁজ হয়ে যান। পরে সুমনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমন তার পরিবারসহ এলাকাবাসী মিলিয়ে প্রায় ৪০ জনের মতো একটি টিমের সঙ্গে নেত্রকোণার চিনামাটির পাহাড় দেখতে যান। ঘুরতে ঘুরতে একপর্যায়ে পাহাড়ের ভেতর কৃত্রিম লেকে গোসল করতে নামেন সুমন তার বাবা শফিকুল ইসলামের সাথে। 
গোসল শেষে সবাই পানি থেকে ওঠে আসলেও নিখোঁজ হন সুমন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে খোঁজে উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের সাহায্য নিয়ে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার সাথে রয়েছে। তার বাবা যেভাবে চাইবেন সেভাবে ব্যবস্থা নেয়া হবে।