গালিভার উইন্ডিজের সামনে লিলিপুট পাপুয়া নিউগিনি

কলকাতার ইডেন গার্ডেন্সের সেই ফাইনালের পর কেটে গেছে ৮ বছর। তারপর হয়েছে কত ক্রিকেট বিপ্লব। ইংলিশদের চোখে সে রাতের ‘ভিলেন’ বেন স্টোকস পরে বনে যান মহানায়ক। ঘরের মাঠে জিতিয়েছেন ওয়ানডে বিশ্বকাপ। গত বছর অস্ট্রেলিয়ায় পাকিস্তানকে কাঁদিয়ে ফের ইংল্যান্ডকে করেছেন টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন। আর ওয়েস্ট ইন্ডিজ! তারা যেন হারিয়ে গেছে অতল গহ্বরে।

তা নয়তো কী? ২০১৬ সালের পর টানা ৫ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়নি। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আসরটিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। আর পরের বছর খেলতে হয়েছিল কোয়ালিফায়ার ম্যাচ। যেখানে স্কটল্যান্ড আর আয়ারল্যান্ডের কাছে হেরে উঠতে পারেনি সুপার টুয়েলভে। সেই পরাজয়ের পর ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বও পার হতে পারেনি তারা। 

সেসব ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছে ক্যারিবিয়ানরা। এবার ওয়েস্ট ইন্ডিজ খোদ টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক। তারাই প্রথম দল হিসেবে এই সংস্করণের বিশ্বকাপের দুটি শিরোপা জিতেছিল। ২০১২ সালে শ্রীলঙ্কায়, ২০১৬ সালে ভারতে। আজ বিশ্বকাপের নবম আসরের দ্বিতীয় ম্যাচেই তারা নামছে মাঠে। প্রতিপক্ষ ‘দুর্বল’ পাপুয়া নিউগিনি।

উইন্ডিজের ক্রিকেটাররা যেন টি-টোয়েন্টির জন্যই গড়া। তারা নিয়মিত মাতান বিশ্বকে। বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাদের অনেক কদর। জগৎ জুড়ে উইন্ডিজ খেলোয়াড়দের চার-ছক্কা আর পাওয়ার হিটিংয়ের জন্য খ্যাতি। সেখানে তাদের কাছে পাপুয়া নিউগিনি ‘গালিভার আর লিলিপুট’ কাহিনির মতোই। ওশেনিয়া মহাদেশের দেশটি কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেটাই দেখার অপেক্ষা। 

কিন্তু প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও উইন্ডিজ বলেই একটা জায়গায় শঙ্কা থেকে যাচ্ছে অনেকের। কারণ নিকোলাস পুরানের নেতৃত্বাধীন দলটাই যে গত বছর স্কটিশ আর আইরিশদের কাছে অপ্রত্যাশিত হারে বিদায় নেয় কোয়ালিফাইং রাউন্ড থেকে। 

উইন্ডিজদের হারানো দিনগুলো ফিরিয়ে আনতে সাদা বলের কোচ বানিয়েছে তারা ড্যারেন স্যামিকে। যার নেতৃত্বে ২০১২ ও ২০১৬ সালে বিশ্বকাপ জিতেছিল ক্যারিবিয়ানরা। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড থেকে বিদায়ের পর কোচ ফিল সিমন্স পদত্যাগ করেন। তারপর গত বছরের মে মাসে ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের কোচের দায়িত্ব নেন স্যামি। ৪০ বছর বয়সী এই কোচ উইন্ডিজকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে আবার ফিরিয়ে আনতে চান। 

সাবেক এই অলরাউন্ডারের আশা এগিয়ে এসে ঘরের মাঠের সুবিধার সর্বোচ্চটা ব্যবহার করবেন বোলাররা, ‘বোলাররা চাপে পড়েছে। শুধু তরুণ বোলাররাই নয়, সব আন্তর্জাতিক বোলারই চাপে ছিল। আইপিএলের দিকে তাকান, দলগুলো ২০০ রান করছে। কিন্তু এটা মোটেও নিরাপদ সংগ্রহ নয়। যা আপনাকে বলে দেয় যে ব্যাটসম্যানরা এখন টি-টোয়েন্টি ক্রিকেটে আধিপত্য বিস্তার করছে। পার্থক্য হবে কিছু এক্স ফ্যাক্টর বোলারের। সেটা গতি হোক, রহস্যময় স্পিন হোক না কেন, প্রতিপক্ষকে আটকাতে প্রত্যেক দলে এ ধরনের একজন বোলার দরকার।’

ক্যারিবিয়ানদের ক্রিকেট বিশ্বে আগের মতো আধিপত্য বিস্তার করতে দেখা যায় না ঠিকই। তবে উইন্ডিজের এখনো একটি প্রতিশ্রুতিশীল প্রজন্ম উঠে আসছে, বিশেষত ২৪ বছর বয়সী পেসার শামার জোসেফ। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে জোসেফ নিজের বীরত্ব দেখান। যেখানে তিনি ১৯৯৭ সালের পর উইন্ডিজকে অজিদের মাটিতে প্রথম জয় এনে দিয়েছিলেন। বিশ্বকাপের স্কোয়াডে থাকা জোসেফ এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের জন্য প্রস্তুত হচ্ছেন।