পর্তুগালে একটি এয়ার শো-এর সময় মাঝ আকাশে দুটি ছোট প্রশিক্ষণ বিমানের মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে একজন পাইলট নিহত ও আরেকজন আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (২ জুন) দক্ষিণ পর্তুগালে ভয়াবহ এই ঘটনা ঘটেছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এক বিবৃতিতে পর্তুগিজ বিমানবাহিনী জানায়, "এই ঘোষণা করার জন্য আমরা দুঃখিত যে রোববার বিকেলে ছয়টি ছোট বিমান একটি এয়ার শো প্রদর্শনের সময় দুইটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।"
এ ঘটনায় একজন স্প্যানিশ নাগরিক মারা গেছে। নিহত ব্যক্তি দুর্ঘটনা কবলিত একটি বিমানের পাইলট ছিলেন বলে বিমান বাহিনীর একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন।
এছাড়া আরেকজন আহত পাইলট পর্তুগিজ নাগরিক। তিনি কিছুটা আঘাত পেয়েছেন। বেজা হাসপাতালে নেয়ার আগে তাকে জরুরি চিকিৎসা দেয়া হয়েছে।
পর্তুগালের প্রতিরক্ষামন্ত্রী নুনো মেলো সাংবাদিকদের কাছে দুটো বিমানের সংঘর্ষকে একটি "দুর্ঘটনা" বলে অভিহিত করেছেন এবং সংঘর্ষের সঠিক কারণ বের করতে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন।
প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা বলেছেন, এই এয়ার শো আনন্দের মুহূর্ত হওয়ার কথা ছিল। সবাই এই আনন্দ ভাগ করে নেবে। তবে এটি এখন বেদনার মুহুর্তে পরিণত হয়েছে।