যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় যোগাযোগের ত্রুটির কারণে দেশজুড়ে সব উড়োজাহাজের উড্ডয়ন চার ঘণ্টা বন্ধ ছিল। এই নজিরবিহীন অচলাবস্থার ফলে দেশটির জরাজীর্ণ এয়ার ট্রাফিক কন্ট্রোল নেটওয়ার্কের সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আধুনিকায়নের পেছনে সরকার বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করলেও ব্যবস্থাটির ভঙ্গুর দশা আবারও সামনে এল।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এই সংকটের নেপথ্য কারণ ও বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি স্পষ্ট করে জানান যে, ‘পুরোনো হার্ডওয়্যারের কারণে’ মূলত এই বড় বিপর্যয় দেখা দিয়েছিল।
তিনি বলেন, দেশজুড়ে রাডার, যোগাযোগ ব্যবস্থা ও কেন্দ্রগুলোতে আমরা অস্থিতিশীলতার মুখোমুখি হয়েছি। রাউটার থেকে অসামঞ্জস্যপূর্ণ তথ্য আসতে শুরু করায় যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সারা দেশে ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয়। চার ঘণ্টা পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ফ্লাইট সূচি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে বলে তিনি সতর্ক করেন।
এভিয়েশন অ্যানালিটিক্স সংস্থা সিরিয়ামের তথ্যমতে, নিষেধাজ্ঞা জারির পরপরই ইস্টার্ন টাইম বিকেল ৪টা থেকে প্রায় ১১ হাজার ফ্লাইটে ১৫ লাখের বেশি যাত্রীর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর ছাড়ার কথা ছিল। এই বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েন লাখ লাখ যাত্রী।
আর এই বিপর্যয়ের ঘটনা এমন সময় হল, যেদিন হোয়াইট হাউস ও পরিবহন বিভাগ বিমানবন্দর এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল উন্নয়নের জন্য কংগ্রেসের কাছে আরও ৩০.১ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে। এর মধ্যে ১০.১ বিলিয়ন ডলার শুধু নিয়ন্ত্রণ ব্যবস্থা আধুনিকায়নের জন্য চাওয়া হয়েছে।
এদিকে জানা যায়, ব্যবস্থাটির এই অন্তর্নিহিত দুর্বলতার বিষয়টি বহু বছর ধরেই নথিবদ্ধ রয়েছে। ২০২৪ সালে গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের (জিএও) প্রতিবেদনে বলা হয়, এফএএ-র ১৩৮টি সিস্টেমের তিন-চতুর্থাংশেরও বেশি (১০৫টি) হয় অকার্যকর, নয়তো ঝুঁকিপূর্ণ। এফএএ প্রশাসক ব্রায়ান বেডফোর্ড সম্প্রতি জানান, তাদের ৩০০টিরও বেশি স্থাপনা বিচ্ছিন্নভাবে কাজ করে এবং অনেক ক্ষেত্রে কয়েক দশকের পুরোনো কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থার ওপর নির্ভরশীল। এমনকি কিছু অপ্রচলিত যন্ত্রের খুচরা যন্ত্রাংশ অনলাইন নিলাম সাইট থেকে কিনতে হয় কিংবা থ্রি-ডি প্রিন্টিংয়ের মাধ্যমে তৈরি করে নিতে হয়।
চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু
যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ঘোষণা