নিখোঁজের ৯ দিন পর মিলল ছাত্রীর বস্তাব‌ন্দি দ্বিখ‌ণ্ডিত লাশ

টাঙ্গাইলের ভূঞাপু‌রে নিখোঁজের ৯ দিন পর নওশিন ইসলাম শ‌র্মিলা (১০) নামে এক মাদ্রাসাছাত্রীর বস্তাব‌ন্দি দ্বিখ‌ণ্ডিত লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার (৩ মে) দুপুরে উপ‌জেলার গো‌বিন্দাসী ইউনিয়‌নের চিতু‌লিয়াপূর্বপাড়া এলাকার এক‌টি ধান‌ক্ষেত থে‌কে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত নওশিন ইসলাম শ‌র্মিলা ওই গ্রা‌মের সুমন মিয়ার মে‌য়ে। সে স্থানীয় হাফি‌জিয়া মাদ্রাসা ও নুরানী কিন্ডারগা‌র্টেনের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শ‌র্মিলা গত ২৬ মে দুপু‌রে নি‌খোঁজ হয়। পরে তা‌কে উদ্ধা‌রে থানায় সাধারণ ডায়েরি ক‌রেন তারা বাবা। পরে ধানক্ষে‌তে একটি শিশুর বস্তাব‌ন্দি দ্বিখ‌ণ্ডিত লাশ উদ্ধার হওয়ার খব‌র পাওয়া যায়। 

শর্মিলার চাচা কাইয়ুম মিয়া বলেন, এটি শর্মিলার লাশ কিনা আমরা এখনও শনাক্ত করতে পারিনি। লাশের অধিকাংশ পচে গেচে, কুকুরে টানাটানি করে সমস্ত দেহ লণ্ডভণ্ড করে ফেলেছে। তবে তার পরনের লাল পায়জামার অংশ দেখে ধারণা করা হচ্ছে এটা শর্মিলার লাশ।

নিহত শ‌র্মিলার বাবা সুমন মিয়া ব‌লেন, কা‌রো সা‌থে কোনো শত্রুতা নেই। কেউ টাকা পয়সাও পায় না। মে‌য়ে নি‌খোঁজ হওয়ার পর কেউ মু‌ক্তিপণ বা টাকা-পয়সা চায়‌নি। বা‌ড়ির আশপাশসহ বি‌ভিন্ন আত্মীয়স্বজ‌নের বা‌ড়ি‌তে খোঁজ ক‌রেও তার সন্ধান পায়‌নি। পরে সকা‌লে বা‌ড়ির পা‌শে ধানক্ষে‌তে বস্তাব‌ন্দি মর‌দেহ দে‌খে লোকজন খবর দেয়। এরআগে ওই বস্তা‌টি কুকুর টানাটা‌নি কর‌ছিল। যে নৃশংস হত‌্যাকাণ্ড ঘ‌টি‌য়ে‌ছে তার ক‌ঠোর শা‌স্তি দাবি ক‌রি। 

ভূঞাপুর থানার ওসি মো. আহসান উল্লাহ জানান, বন্তাব‌ন্দি একটি মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ফ‌রেন‌সিক টিম ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।