পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড় নিয়েই আমাদের বসবাস করতে হয়। আলাদ্দিনের চেরাগ ছাড়া এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা পাওয়ার উপায় নেই। তারপরও শেখ হাসিনার নেতৃত্বে নদীভাঙন এলাকাতে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও ড্রেজিং করে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছি।
রোববার (২ জুন) দুপুরে হেলিকপ্টারে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। পরে রৌমারী উপজেলার সোনাপুর হাইস্কুল মাঠে সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কুড়িগ্রামে বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। বাংলাদেশের সব জায়গায় নদীভাঙন রয়েছে। অতীতে কোনো সরকার কিন্তু কোনো কাজ করেনি। সব জায়গায় নজর দিতে হয়। সে তুলনায় কুড়িগ্রাম-গাইবান্ধা পিছিয়ে নেই। ধৈর্য ধরতে হবে, রাতারাতি সব ঠিক হয়ে যাবে না।
এ সময় কুড়িগ্রাম-৪ আসনের এমপি বিপ্লব হাসান পলাশ, কুড়িগ্রাম- ৩ আসনের এমপি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, গাইবান্ধা-৫ আসনের এমপি মাহামুদ হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ.ল.ম বজলুর রশিদ রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী মো. মাহবুবুর রহমানসহ কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো. রাকিব হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।