ফেব্রুয়ারিতে গুঞ্জন ওঠে, আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে জোর চর্চা। তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন বলে শোনা যায়। তবে সেসময় খবরটিকে বিভ্রান্তিকর বলেও জানান শিল্পী।
জানা গেছে, দেশে ফিরেছেন সাবিনা ইয়াসমিন। এমনটা জানিয়েছেন এই সংগীতশিল্পীর মেয়ে ফাইরুজ ইয়াসমিন বাঁধন। সাড়ে তিন মাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩১ মে বাংলাদেশে ফিরেছেন গায়িকা। এখন তিনি ঢাকায় নিজের বাসায় আছেন। এ মাসের শেষ দিকে নিয়মিত চেকআপের জন্য তাঁকে আবার সিঙ্গাপুর যেতে হবে।
সাবিনা ইয়াসমিনের মেয়ে বাঁধন বলেন, ‘নিয়মিত চেকআপের জন্য আম্মুকে সিঙ্গাপুর যেতে হয়। এরপর পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা দাঁতের সমস্যা দেখতে পান। এরই পরিপ্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারি একটি অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে আম্মুকে রেডিওথেরাপি নিতে হয়। এরই মধ্যে রেডিওথেরাপি কোর্স শেষ হয়। তবে রেডিওথেরাপির কারণে আম্মুর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হয়। আগামী এক বছর আম্মুকে নির্দিষ্ট সময় পরপর সিঙ্গাপুর যেতে হবে। চিকিৎসকের নির্দেশমতো তাকে চলতে হবে।’
পাঁচ দশকের ক্যারিয়ারে অসংখ্য গান গেয়েছেন কালজয়ী এই সঙ্গীতশিল্পী। চলচ্চিত্রে গান গেয়ে ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সংগীতে অবদানের জন্য একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কারও অর্জন করেছেন তিনি। সর্বশেষ ২০২০ সালে অভিনেত্রী কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ছবিতে কণ্ঠ দেন। শুধু তা-ই নয়, প্রথমবার সুরকার হিসেবে ছবিটির চারটি গানের সুরও করেন সাবিনা ইয়াসমিন।