কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের দেহাংশ সন্দেহে যে মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে তার ডিএনএ পরীক্ষার জন্য ভারতে যাবার ভিসা পেয়েছেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
সোমবার (৩ জুন) তিনি ভারতীয় ভিসা পেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। এর আগে হত্যার খবর পেয়ে গত ২২ মে আনারকন্যা ডরিন এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ ভারতের ভিসার জন্য আবেদন করেন।
এদিকে কলকাতার সঞ্জিভা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া হাড় ও মাংস এমপি আনারের কি না তা পরীক্ষার জন্য ডরিনের ভারতে যাওয়া প্রয়োজন। সেখানে উদ্ধার হওয়া দেহাংশের সঙ্গে ডরিনের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রায় দুই মাস আগে থেকে পরিকল্পনা করে হত্যা করা হয় তাকে। এই ঘটনায় বাংলাদেশি নাগরিকরাই জড়িত বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
হত্যাকারী সন্দেহে বাংলাদেশে গ্রেপ্তার তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে হত্যার বীভৎস বর্ণনা। লাশ বা লাশের টুকরোর খোঁজে কলকাতার বিভিন্ন জায়গায় এখনও অভিযান চালানো হচ্ছে।