ডিএনএ স্যাম্পল দিতে কলকাতায় যাবেন আনারকন্যা ডরিন

সকল জটিলতা কাটিয়ে অবশেষে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও আনারের এপিএস  আব্দুর রউফ ভারতে যাওয়ার ভিসা পেয়েছেন।

আনারের মৃতদেহ খন্ডাংশ উদ্ধারের ঘটনায় ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড) টেস্টের স্যাম্পল দিতে কলকাতায় যাওয়ার কথা রয়েছে। মঙ্গলবার দুপুরে এমপি আনারের এপিএস আব্দুর রউফ মোবাইল ফনে দেশ রূপান্তকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, এমপি সাহেবের মেয়ে ডরিন ও আমি এক সঙ্গে ভারতীয় ভিসা পেয়েছি। আজ বিকেলে ডিবির তদন্ত টিম নেপাল থেকে দেশে ফেরার কথা আছে। তাদের সাথে আলোচনা করে কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। কলকাতায় যেতে হলে তদন্ত টিম আমাদের সঙ্গে থাকবে। এতদিন ভিসা জটিলতার কারণে তাদের যেতে দেরি হচ্ছিল।

গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ১৩ মে তাকে কৌশলে ডেকে নিয়ে কলকাতার নিউটাউন এলাকার একটি আবাসিক ভবনে হত্যা করে লাশ টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে নিয়ে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা। এ ঘটনায় ভারত ও বাংলাদেশে ৬ জন গ্রেপ্তার হলেও মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পলাতক রয়েছে। আর হত্যা নিশ্চিত হওয়ার কয়েকদিন পর কলতার সঞ্জীভা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে মরদেহের খন্ডিতাংশের অন্তত ৪ কেজি মাংস উদ্ধার হয়েছে বলে খবর আসে।