পশ্চিমবঙ্গের বীরভূম মানেই অনুব্রত মণ্ডলের দুর্গ। তবে এই প্রথমবার অন্যতম বিশ্বস্ত সৈনিককে ছাড়াই ভোটের লড়াইয়ে শামিল হয়েছিল তৃণমূল। গরু পাচার মামলায় এখন দিল্লির তিহাড় জেলে বন্দি অনুব্রত। ফলে গত তিনবারের সংসদ সদস্য শতাব্দী রায়ের কাছে বীরভূমের আসন ধরে রাখা ছিল অগ্নিপরীক্ষার মতো।
মঙ্গলবার বিকালে লোকসভা নির্বাচনের তথ্য বলছে, পরীক্ষায় আবারও সফলভাবে পাশ করেছেন শতাব্দী। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। ভোট-পরীক্ষায় জয় নিশ্চিত হওয়ার পরই বললেন, ‘দারুণ, দারুণ।’
শতাব্দী বলেন, ‘আমরা ভেবেছিলাম (জয়ের ব্যবধান) আগের থেকে বাড়বে। (এই প্রতিবেদন তৈরির সময় এক লাখের বেশি ভোটে এগিয়ে শতাব্দী)। গত তিনবার আগের থেকে বেড়েছিল। আশা করেছিলাম এক লাখ পার করব।’ তবে তৃণমূলের তারকা প্রার্থী যে ব্যবধানে এগিয়ে তাতে তার জয় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
অনুব্রতহীন বীরভূমে শতাব্দীর লড়াই কি এবার‘কঠিন’ ছিল? শতাব্দী বলেন, ‘যারা বলতেন, তারা এখন হয়তো নিশ্চয়ই অন্যরকম ভাববেন। লড়াইটা ছিল। পঞ্চায়েত থেকে বলেছিলাম জিতব। অনুব্রত মণ্ডল এলাকার অনেক সমস্যা সামলাতেন। এবার এসব আমায় সামলাতে হয়েছে। কর্মীদের প্রচুর পরিশ্রম হয়েছে। ওরা যদি লড়াই না করত, তা হলে হত না। ভালোবাসার সঙ্গে পরিশ্রম করেছে।’
সূত্র: আজতক.ইন