পশ্চিমবঙ্গে বিজেপির ভরাডুবির ৫ কারণ

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৪:৫৪ পিএম

দিনকয়েক আগে প্রকাশিত বুথ ফেরত সমীক্ষা পশ্চিমবঙ্গে বিজেপির ভালো ফলের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু তার বাস্তব প্রতিফলন হলো না। বরং ধরাশায়ীই হলো গেরুয়া শিবির। গতবার থেকে প্রায় অর্ধেক আসনে নেমে গেল তারা। হারাল জেতা আসনও। কেন এমন হাল? কোথায় ভুল হল বিজেপির? 

গতবার তো ১৮টি আসন পেয়ে পশ্চিমবঙ্গে চমক দিয়েছিল পদ্মফুল শিবির। আসুন জেনে নিই কোন ৫ কারণে বিজেপির এমন হাল।

সংগঠন

পশ্চিমবঙ্গে ভোটে জিততে দরকার সংগঠন। শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী এবং ইডি-সিবিআই তদন্তের ওপর নির্ভর করে ভোটে জেতা যায় না। ২০০১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতার কথা ছিল। কিন্তু মমতা ক্ষমতায় যেতে পারেননি। কারণ সংগঠন। বিজেপি নেতৃত্বও সংগঠনের অভাব টের পেল। ভোটের দিন বহু বুথে এজেন্ট বসাতে পারেনি বিজেপি। স্থানীয় সংগঠন না থাকলে পশ্চিমবঙ্গে জেতা অসম্ভব। সেটাই কাল হল বিজেপির। 

দিলীপের আসন বদল

২০১৯ সালে মেদিনীপুরের জিতেছিলেন দিলীপ ঘোষ। সেবার বিজেপি জিতেছিল ১৮টি আসনে। এবার সেই দিলীপকেই পাঠানো হলো  বর্ধমান-দুর্গাপুরে। সেখানে তিনি হারের মুখে। অন্যদিকে মেদিনীপুরে অগ্নিমিত্রা পলও পিছিয়ে। ফলে জেতা দুই আসনই খোয়াতে হচ্ছে বিজেপিকে। সূত্রের খবর, দিলীপ অন্য আসনে যেতে চাননি। শেষপর্যন্ত সম্মত হতে বাধ্য হন।           

ভুল কৌশল

পশ্চিমবঙ্গে বিজেপির কৌশল বলতে হাইকোর্টের পর্যবেক্ষণ, বিভিন্ন দুর্নীতির অভিযোগ আর ইডি-সিবিআই তদন্ত। এর বাইরে মোদির মুখের ওপর ভরসা করে বৈতরণী পার হতে চেয়েছিল। দলের পক্ষে কোনো পোক্ত কৌশল ছিল না। যার খেসারত দিতে হলো। উল্টো দিকে পশ্চিমবঙ্গের প্রতি বিজেপি বঞ্চনার অভিযোগ ক্রমাগত তুলে গেছেন মমতা। সে কৌশল সফল হয়েছে বলে ভোটের ফলেই প্রমাণিত। 

মমতার বিপরীতে বিশ্বাসযোগ্য মুখ

মমতার বিরুদ্ধে ক্রমাগত লড়াই করেছে শুভেন্দু অধিকারী। কিন্তু তিনি বিশ্বাসযোগ্য মুখ নন বলে মনে করছে রাজনৈতিক মহল। তাদের মতে তৃণমূল ছেড়ে আসার পর দু-দুটি নির্বাচন পার করলেন শুভেন্দু। কিন্তু দলকে কাঙ্ক্ষিত সাফল্য দিতে পারলেন না। দিলীপ ঘোষের মতো নেতা যিনি দলকে সাফল্য এনে দিয়েছিলেন, তিনিই চলে গেলেন অন্তরালে। দিলীপের সভাপতিত্বেই ১৮টি আসন পেয়েছিল গেরুয়া শিবির।       

সংখ্যালঘু ভোট

পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর। ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট হাতছাড়া হওয়া মানে অনেকটা পিছিয়ে থেকে শুরু করা। এবারও রাজ্যে সংখ্যালঘুদের মন জেতার চেষ্টা করেনি বিজেপি। তাছাড়া সংখ্যালঘু মুখও তেমন নেই তাদের দলে। উল্টো বিজেপি নেতাদের নানা মন্তব্য সংখ্যালঘুদের মনে ক্ষোভের সঞ্চার করেছে।

সূত্র: আজতক.ইন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত