কুষ্টিয়ার কুমারখালীতে মাটি ভর্তি ট্রাক্টরের চাকার নিচে পড়ে হেল্পার নাহিদ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদকী ইউনিয়নের নন্দিগ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ মহেন্দ্রপুর গ্রামের খানপাড়ার বিল্লালের ছেলে।
স্থানীয়রা জানান, নাহিদ ট্রাক্টরের ওপর বসে ছিল। এ সময় ঘুমের ঘোরে চলন্ত গাড়ি থেকে চাকার নিচে পড়লে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী আ. হান্নান জানান, ঘুমন্ত অবস্থায় পড়ে গিয়ে গাড়ির চাকা তাকে টেনেহিঁচড়ে প্রায় ১৫ মিটার নিয়ে যায়। এতে তার শরীর ক্ষতবিক্ষত হয় মৃত্যু হয়।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।