বিএনপি সরকার সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা সবাই মিলেমিশে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেব। এই সাম্য ও ভ্রাতৃত্ববন্ধন যেন সারাজীবন অটুট থাকে, সৃষ্টিকর্তার কাছে সেটাই চাই। আমরা মানুষ—এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। নিজেদের মধ্যে জাত এবং ধর্মের ভেদাভেদ করে দেশকে এগিয়ে নেওয়া যায় না। সকল ধর্মের বর্ণের জাতের মানুষ একসঙ্গে মিলেমিশে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।’
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আরো বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য পুলিশ ও প্রশাসনের সদস্যরা দিন-রাত কাজ করছেন। মা-বোনেরা যেন স্বাধীনভাবে আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া বাংলাদেশে সব ধর্মের মানুষ সমঅধিকার নিয়ে বসবাস করবেন। দেশের উন্নয়নের সুফল ভোগের পাশাপাশি প্রত্যেকেই নিরাপত্তা ও মর্যাদা পাবেন। সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
এ সময় নগরকান্দা ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুর্গাপূজামন্ডপ পরিদর্শন কালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।