ভারতের মিশন শুরু আজ

২০০৭ সালে টি-টোয়েন্টির প্রথম বিশ্বকাপ আসরেই শিরোপা নিজেদের করে নিয়েছিল ভারত। ওই শুরুতেই শেষ, এরপর হয়ে যাওয়া সাত আসরে ফেভারিট হয়েও আর কখনো শিরোপা স্বাদ পায়নি ভারত। শিরোপার খোঁজে নবম অভিযানে দলের কাপ্তান রোহিত শর্মা। ভারতের একমাত্র এবং পৃথিবীর দ্বিতীয় মাত্র খেলোয়াড় হিসেবে খেলেছেন সবকটি বিশ্বকাপ। গত ওয়ানডে বিশ্বকাপে দলকে নিয়েছিলেন ফাইনালে। এবার তাই তার কাঁধে ১৪০ কোটি ভারতীয়র প্রত্যাশার বোঝা। আর সেই অভিযাত্রার শুরুতে আজ নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

এই ম্যাচের আগে অনুশীলনে দুরন্ত ছন্দে দেখা গেছে বিরাট কোহলিকে। গোটা ক্রিকেট ক্যারিয়ারে গড়েছেন একাধিক রেকর্ড। জুনিয়র অবস্থায় এক দফায় ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়নও হয়েছেন। তবে টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ কখনো পাননি বিরাট। একবার ফাইনালে উঠেও হজম করতে হয়েছে হার। এবার তারও টি-২০ বিশ্বকাপ ট্রফি না পাওয়ার আক্ষেপ মেটানোর পালা। অনুশীলনে নেটে ৪০ মিনিটের সেশনে ব্যাটে আগ্রাসী শটের ঝড় তুলেছেন। আজ মাঠেও যে তিনি বোলারদের আতঙ্ক হয়ে উঠবেন তারই যেন পূর্বাভাস দিয়ে রাখা। তবে সদ্যসমাপ্ত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে দুরন্ত ছন্দে নিজেকে প্রমাণ করেছেন কোহলি। তিনিই হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার। জিতে নিয়েছিলেন অরেঞ্জ ক্যাপ। তারপর থেকে কোহলিকে নিয়ে নতুন করে তৈরি হয়েছে প্রত্যাশা। ৯ জুন পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ড্রেস রিহার্সেলের সুবর্ণ সুযোগ ভারতীয়দের জন্য।

আইরিশদের জন্যও ম্যাচটি খুব গুরুত্বের। তাতে ভরসা হতে পারে বৃষ্টির বাধা। বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে নিশ্চিত ১ পয়েন্ট ঝুলিতে যোগ হবে আইরিশদের। তবে অভিজ্ঞ অধিনায়ক পল স্টার্লিং চাইবেন লড়েই ম্যাচ জেতার। বলেছেন, ‘ভারত সত্যিই কঠিন এক চ্যালেঞ্জ তাদের বেশ কয়েকজন শীর্ষমানের বোলার আছে, তারা সবেমাত্র আইপিএল খেলে এসেছে। আমরা জানি, তারা যে মানের তা ক্রিকেটের মানদণ্ডে সর্বোচ্চ। যাই হোক না কেন, (ভারতের বিপক্ষে) ভালো পারফরম্যান্স করতে পারলে গ্রুপ পর্বের পরের তিন ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারব।’

এখন দেখার পালা বুমরা-সিরাজ-চাহালদের বিপক্ষে ব্যাট হাতে আইরিশদের প্রতিরোধটা কেমন হয়।