প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা আফ্রিকার দেশ উগান্ডার শুরুর স্মৃতিটা হলো অনেকটা ভুলে যাওয়ার মতো। নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচেই যে তাদের মেনে নিতে হয় বড় ব্যবধানের হার। গায়ানায় মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে উগান্ডাকে ১২৫ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে আফগানিস্তান। আগে ব্যাটিং পেয়ে ১৮৩ করে আফগানরা। জবাবে স্রেফ ৫৮ রানে গুটিয়ে যায় উগান্ডা।
রহমানউল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরানের বিশাল উদ্বোধনী জুটিতে রানের পাহাড়ে চড়ার ভিত পেয়েছিল আফগানিস্তান। গুরবাজ ৪৫ বলে করেন ৭৬, ইব্রাহিম ৪৬ বলে থামেন ৭০ করে। উগান্ডাকে অল্প রানে আটকে দিতে বল হাতে সবচেয়ে সফল বাঁহাতি পেসার ফজলহক ফারুকি। মাত্র ৯ রানে ক্যারিয়ারসেরা ৫ উইকেট নিয়েছেন তিনি।
বিশাল রান তাড়ায় নেমে ফারুকির বলে বাউন্ডারিতে শুরু করেন রোনাক প্যাটেল। ঠিক পরের বলেই বোল্ড হয়ে যান তিনি, রজার মুকাসা ক্রিজে এসেই হন এলবিডব্লিউ। তিন বলের মধ্যে ৪ রানে পড়ে ২ উইকেট। দ্বিতীয় ওভারে মুজিব উর রহমান ফেরান সিমন সেসেজিকে। ৮ রানে পড়ে যায় ৩ উইকেট। উইকেটের পতনের স্রোত থামেনি পরেও। পঞ্চম ওভারে দীনেশ নাকরানি ও আলপেশ রামজানিকে পর পর ফেরান নাভিন উল হক।
রিয়াজাত আলি শাহ আর রবিনসন ওবুইয়া ৪৫ বলের জুটিতে ২৯ রান যোগের পরপর ফারুকি এসে হানেন আঘাত। ৩৪ বলে ১১ করে রিয়াজাত আউট হওয়ার পরের বলেই বিদায় নেন অধিনায়ক মাসাবা। পরে আক্রমণে এসে দ্রুতই লেজ মুড়ে দেন অধিনায়ক রশিদ খান।