‘আমরা জিতলেই সব ঠিক হয়ে যাবে’

বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর থেকেই বাংলাদেশের একের পর এক নেতিবাচক নৈপুণ্যে কপালে যখন চিন্তার ভাজ তার মাঝেই তাসকিন আহমেদ শোনালেন আশার কথা- আমরা জিতলেই সব ঠিক হয়ে যাবে।  ডালাসে অনুশীলন শেষে আজ গণমাধ্যমে এ কথা বলেন দলের সহ-অধিনায়ক।

তাসকিন বলেন, ‘শুধু আমরা না। আবহাওয়ার কারণে সব দলই সেভাবে অনুশীলন করার সুযোগ পায়নি। বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল বা সুযোগ-সুবিধা তুলনামূলক কম ছিল। যুক্তরাষ্ট্রে যেহেতু নতুন ক্রিকেট হচ্ছে.. আর মানসিক অবস্থা ঠিক আছে, হ্যাঁ, হেরে একটু মোরালি ডাউন ছিলাম।'

তাসকিন আরও বলেন, 'কিন্তু আসলে আমরা যদি জিততে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের উন্নতি নিয়ে কাজ করে যাচ্ছি। আশাবাদী যে জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।'

দুশ্চিন্তার আরেক নাম তাসকিনের চোট। কী অবস্থা তার! সে বিষয়ে বলেন, ‘প্রায় তিনটা সেশন বোলিং করতে পারলাম। ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছি। সবমিলিয়ে উন্নতি অনেক ভালো মাশাআল্লাহ। আশা করছি যে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবো।’