দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সবচেয়ে সুখের স্মৃতিগুলোর একটি ২০২২ সালের মার্চ। সেঞ্চুরিয়নে কাগিসো রাবাদার বলে সাকিব আল হাসানের পয়েন্ট দিয়ে বাউন্ডারি আর নন-স্ট্রাইকিং প্রান্ত থেকে তামিম ইকবালের ছুটে এসে জড়িয়ে ধরার সেই দৃশ্য—সবই ছিল ২৭তম ওভারে ৯ উইকেটের সহজ জয়ের উচ্ছ্বাস। ওই সিরিজের প্রাণভোমরা ছিলেন তাসকিন আহমেদ; শেষ ওয়ানডেতে ৩৫ রানে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজও হয়েছিলেন এই পেসার। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সেই ঐতিহাসিক ২-১ ব্যবধানের ওয়ানডে সিরিজ জয়ের পর টিম হোটেলে বারবিকিউ পার্টি আর বিসিবির ৩ কোটি টাকা পুরস্কার ঘোষণায় উৎসবের মাত্রা বেড়েছিল কয়েক গুণ।
সাড়ে চার বছরের বেশি সময় পর মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় আরেকটি ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ দল। সাম্প্রতিক টেস্ট সিরিজে দুই ম্যাচেই বড় ব্যবধানে হারায় দলের আত্মবিশ্বাসে কিছুটা টানাপোড়েন থাকা স্বাভাবিক। তবে সাদা বল ও রঙিন পোশাকে ফিরলে ওই সুখস্মৃতি যেন অনিবার্যভাবেই সামনে আসে। আজ ইস্ট লন্ডনে সংবাদ সম্মেলনে তাসকিনকে যখন সাড়ে চার বছর আগের সেই সিরিজের কথা মনে করিয়ে দেওয়া হয়, তখন তিনি অতীতের সুখস্মৃতিতে না ভেসে বর্তমান ও ভবিষ্যতের ওপরই জোর দিলেন।
তাসকিন স্পষ্ট করে বললেন, 'সবকিছু নির্ভর করছে প্রথম ম্যাচটা কীভাবে শুরু হয় তার ওপর। প্রথম ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। যদি ভালো জয় দিয়ে শুরু হয়ে যায়, তখন আসলে…।'
ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই সবার আগে রাখছেন এই ডানহাতি পেসার। তাঁর ভাষায়, 'ব্যক্তিগত পারফরম্যান্স তো আছেই, কিন্তু দল হিসেবে ভালো ফল না করলে আসলে কোনো লাভ হয় না। লক্ষ্য থাকবে একটাই, কীভাবে দল জিততে পারে। জয়ের জন্য আমার যে অবদান রাখা দরকার, সেটা যেন আমি করতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে। যেহেতু গতবারের স্মৃতিটা দারুণ…তবে স্মৃতি তো আসলে স্মৃতিই রয়ে যায়। মাঠে নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলেই জিততে হবে আসলে।'
সাদা বলে নিজেদের বোলিং লাইনআপের সামর্থ্য নিয়ে দারুণ আত্মবিশ্বাসী তাসকিন। টানা হারের ধাক্কায় মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকলেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শোনালেন তিনি, 'আশাবাদী, অবশ্যই ভালো (ওয়ানডে সিরিজ) হবে। কারণ, ওয়ানডেতে আমাদের যে মানের বোলিং লাইনআপ আছে, মানে ভালো করেছে অতীতে, এখানেও ভালো করবে আশা করছি। হারলে সবাই মানসিকভাবে একটু হতাশ থাকে। তবে আমার বিশ্বাস, আমরা প্রথম ম্যাচটা ভালোভাবেই শুরু করব ইনশা আল্লাহ।'
ইস্ট লন্ডনের বাফেলো পার্কের উইকেট ও কন্ডিশন নিয়ে অনুশীলনের অভিজ্ঞতাও তুলে ধরেন তাসকিন। সাধারণত দক্ষিণ আফ্রিকার উইকেট মানেই সিম ও মুভমেন্টের ধারণা থাকলেও মৌসুম ও নেটের অভিজ্ঞতা মিলিয়ে ভিন্ন চিত্র দেখছেন তিনি। তাসকিন বলেন, 'আমরা আজকে যেখানে নেট করছিলাম, এখানে বল একটু গ্রিপ করছিল বেশি। সবার কাটারই অনেক ধরছিল। মাঠে (খেলায়) এমন না-ও হতে পারে। মাঠে যদি স্লো হয়, তাহলে উইকেট অনুযায়ীই বোলিং করতে হবে। পিচে যেটা চায়, সেটাই। সাধারণত শুনে থাকি দক্ষিণ আফ্রিকা মানেই সিম ও মুভমেন্ট হবে। এখন গ্রীষ্ম আসছে তো, একটু ফ্ল্যাট হচ্ছে, কিছু ধরছে। পরশু মাঠে নামলেই বোঝা যাবে উইকেট কেমন আচরণ করছে।'
দলে ফেরা সাদা বলের ক্রিকেটারদের মানিয়ে নেওয়া এবং চাপমুক্ত থাকার ওপরও জোর দিয়েছেন তিনি। তাসকিনের মতে, 'কয়েকজন তো একদম ফ্রেশ অবস্থায় আছে। তারা সাদা বলে দেশে প্রস্তুতি নিয়েছে। যদিও দেশ ও এখানে কন্ডিশন ভিন্ন। সবাই তাড়াতাড়ি মানিয়ে নিচ্ছে। যারা আছে সবাই রিলাক্স থেকে কীভাবে বাড়তি চাপ ছাড়া… বাড়তি চাপ নিলে এক্সিকিউশন ভালো হয়ে যাবে এমন কিছু না। গেম প্ল্যান, গেম অ্যাওয়ারনেস ঠিক রেখে কীভাবে জেতা যায় সেভাবেই সবাই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে।'
ব্যাটিং ও ফিল্ডিংয়ের দুর্বলতা কাটিয়ে ওঠার বিষয়েও আশাবাদী তাসকিন। সাম্প্রতিক সময়ে চাপের মুখে ব্যাটিং ধস, ৫০ ওভার খেলতে না পারা এবং ক্যাচ মিসের মতো ভুলগুলো নিয়ে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, 'সেটা নিয়ে অবশ্যই কাজ হচ্ছে। গত বেশ কিছু ম্যাচে আমরা চাপের মুখে কলাপ্স করেছি। কিছু ম্যাচে ৫০ ওভার ব্যাটিংও করা হয়নি। সেগুলো নিয়ে দারুণভাবে কাজ করা হচ্ছে। আশা করি দ্রুত মাঠে এগুলোর প্রতিফলন আসবে ইনশা আল্লাহ। যারা মূলত ব্যাটার, তারাও তো কেউ ইচ্ছা করে ব্যর্থ হতে চায় না। যখন ব্যর্থ হয়েছে, কাজ করে যাচ্ছে। আশা করি এই সিরিজ থেকে ভালো করা শুরু হবে ইনশা আল্লাহ।'
ফিল্ডিং প্রসঙ্গে তাসকিন যোগ করেন, 'ক্যাচ ড্রপ আসলেই সুখকর নয়, আমার বলে হোক বা যার বলেই হোক। আশা করছি এই ভুলগুলো হবে না। সাদা বল, সীমিত ওভার। মিস্টেক হলে কস্টলি হয়ে যেতে পারে। আশা করছি সব ভালো দিয়েই শুরু হবে ইনশা আল্লাহ।'
নিজের ভূমিকা নিয়ে পরিষ্কার তাসকিন জানান, মূলত বোলার হিসেবেই অবদান রাখতে চান, আর ব্যাটিংয়ে শেষদিকে দলের ৫-১০ রান প্রয়োজন হলে সেটি যেন করতে পারেন—সেই চেষ্টাই থাকবে। সাড়ে চার বছর আগের সুখস্মৃতি বুকে থাকলেও তাসকিন এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছেন প্রথম ওয়ানডে দিয়ে নতুন করে ভালো শুরুর লক্ষ্যে।