আত্মহত্যায় খেলেন হারপিক, মৃত্যু হলো গাড়ির ধাক্কায়

গোপালগঞ্জের মুকসুদপুরে আত্মহত্যার জন্য হারপিক খেয়ে এক নারী সড়কে উঠলে অজ্ঞাত একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। পরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে ওই নারীর মৃত্যু হয়।

নিহত ওই নারীর নাম শাহানুর বেগম (৪০)। তিনি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাট গ্রামের আব্বাস মোল্লার স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হারপিক পান করেন শাহানুর বেগম। এতে তিনি অসুস্থ হয়ে রাতেই ঢাকা-খুলনা মহাসড়কে ওপর চলে আসেন। রাস্তায় এলোমেলোভাবে চলার এক পর্যায়ে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কায় দেয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাতে চিকিৎসাধীন ওই নারীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, নিহতের মরদেহ আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।