‘এখনও বাথরুমে গিয়ে চোখের জল ফেলি’

‘আব তুমহারে হাওয়ালে ওয়াতন সাথিও’ ছবি দিয়ে ২০০৪ সালে অক্ষয় কুমারের বিপরীতে বলিউডে আত্মপ্রকাশ করেন দিব্য খোসলা কুমার। পরের বছরেই ভূষণ কুমারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে দিব্য বলেন, ‘দেখাশোনা করে বিয়ে হয়েছিল আমার। সেই সময় মা-বাবার কাছে ‘ভাল মেয়ে’র তকমা পাওয়ার জন্য কোনও কিছু না ভেবেই বিয়ের পিঁড়িতে বসে গিয়েছিলাম।’

একাধারে অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক দিব্য। তার মতে, বলিউডে সব সময় লড়াই করে যেতে হয়। তবে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেলেও বলিউডে প্রথম সারির শিল্পী হয়ে উঠতে পারেননি এখনও। নেতিবাচক মন্তব্যে বিশেষ গুরুত্ব দিতে নারাজ দিব্য। তবে পরিবার ও কাছের মানুষের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ তার কাছে।

বর্তমানে জীবনের এমন পর্যায়ে পৌঁছে গেছেন দিব্যা, যেখানে কোনও কিছু নিয়েই ভয় পান না তিনি। এই প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমি মৃত্যুকে ভয় পাই না।’ মায়ের মৃত্যুর পরে নিজেকে নিয়ে নতুন উপলব্ধি অভিনেত্রীর।

গত বছর ৬ জুলাই মৃত্যু হয় দিব্যার মা অনিতা খোসলার। অভিনেত্রী জানালেন, মায়ের মৃত্যু তার জীবনের সব থেকে বড় ক্ষতি। হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে এই ঘটনা। তার কথায়, ‘এখনও মায়ের কথা ভেবে মাঝেমধ্যে বাথরুমে গিয়ে চোখের জল ফেলি। কাউকে কিছু বলি না।’